...|...|...

বিনোদন

শতবর্ষেও অমলিন মহানায়ক উত্তম কুমার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৪৫ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:১৫
Shares
শতবর্ষেও অমলিন মহানায়ক উত্তম কুমার

মহানায়ক উত্তম কুমার। ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে যে নামটি উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে ওঠে এক জীবন্ত কিংবদন্তির ছবি, তিনি উত্তম কুমার। 

আজ ৩ সেপ্টেম্বর তার জন্মশতবার্ষিকী। ১৯২৬ সালের এই দিনে কলকাতায় জন্ম নেন তিনি। তার প্রকৃত নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়, বাবা সাতকড়ি চট্টোপাধ্যায় ও মা চপলা দেবী।

১৯৪৮ সালে ‘দৃষ্টিদান’ সিনেমার মাধ্যমে তার অভিনয়জীবনের সূচনা হয়। তবে মূল নায়ক চরিত্রে তার প্রথম আত্মপ্রকাশ ঘটে ‘মায়াডোর’ চলচ্চিত্রে।

দর্শকদের নজরে আসার শুরুটা হয় ‘বসু পরিবার’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। অসাধারণ অভিনয়শৈলীর স্বীকৃতিস্বরূপ বাংলা চলচ্চিত্র জগৎ তাকে দেয় ‘মহানায়ক’ উপাধি।

ক্যারিয়ারজুড়ে বিচিত্র সব চরিত্রে অভিনয় করেছেন উত্তম কুমার, সময়ের চাহিদা অনুযায়ী নিজেকে পরিবর্তনও করেছেন বারবার। প্রতিটি চরিত্রেই তিনি এমনভাবে মিশে গেছেন যে তা দর্শকের কাছে সত্যি বলে মনে হয়েছে।

এই কারণেই সুচিত্রা সেনের বিপরীতে ‘সাড়ে চুয়াত্তর’ কিংবা সত্যজিৎ রায়ের ‘নায়ক’ সিনেমার চরিত্রগুলো আজও দর্শকের কাছে সমান তাজা মনে হয়।

চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, শতবর্ষ পেরিয়েও উত্তম কুমারের প্রাসঙ্গিকতা এতটুকু কমেনি। বলা যায়, বাংলা সিনেমা আর বাঙালির আবেগ- এই দুটি বিষয় যেখানে মিলেমিশে একাকার হয়ে যায়, সেই মিলনবিন্দুর নামই উত্তম কুমার।

উত্তম-সুচিত্রা: এক কালজয়ী জুটি

উত্তম কুমারের নাম শুনলেই মনে ভেসে ওঠে চিরন্তন রোমান্টিক এক অবয়ব। বিশেষত সুচিত্রা সেনের সাথে তার জুটি বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম সেরা অন-স্ক্রিন রোমান্টিক কেমিস্ট্রি হিসেবে আজও স্বীকৃত।

‘সাড়ে চুয়াত্তর’ সিনেমায় উত্তম কুমার ও সুচিত্রা সেন। ছবি: সংগৃহীত

‘সাড়ে চুয়াত্তর’ সিনেমাতেই প্রথম সুচিত্রা সেনের বিপরীতে পর্দায় হাজির হন তিনি। এরপর থেকে তারা হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত জুটিদের একজন। তাদের উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘হারানো সুর’, ‘পথে হল দেরী’, ‘চাওয়া পাওয়া’, ‘বিপাশা’, ‘জীবন তৃষ্ণা’, ‘সাগরিকা’ এবং ‘সপ্তপদী’।

পুরস্কার ও স্বীকৃতি

১৯৬৭ সালে ‘অ্যান্টনি ফিরিঙ্গি’ ও ‘চিড়িয়াখানা’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পান উত্তম কুমার- তখন এই পুরস্কারের নাম ছিল ‘ভরত’। এর আগে ১৯৫৭ সালে অজয় কর পরিচালিত ‘হারানো সুর’ ছবিতে অভিনয়ের জন্য রাষ্ট্রপতির সার্টিফিকেট অব মেরিট অর্জন করেন তিনি।

মৃত্যু

১৯৮০ সালের ২৪ জুলাই না-ফেরার দেশে পাড়ি জমান মহানায়ক উত্তম কুমার।