ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী নাজনীন নাহার নীহা কি বিয়ে করেছেন? সামাজিক যোগাযোগমাধ্যমে তার সাম্প্রতিক দুটি ছবি ও ক্যাপশন ঘিরে এমনই আলোচনা শুরু হয়েছে। সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরিফের সামনে স্বামীর সাথে ছবি প্রকাশ করে বিয়ের ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী।
রবিবার (৮ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দুটি ছবি শেয়ার করেন নীহা। একটি ছবিতে দেখা যায়, পবিত্র কাবা শরিফের সামনে এক ব্যক্তি তাকে জড়িয়ে দাঁড়িয়ে আছেন। দুজনের মুখই কাবার দিকে থাকায় কাউকে চেনার উপায় নেই। অন্য ছবিতে দেখা গেছে দুজনের হাত, পেছনে রয়েছে পবিত্র কাবা শরিফ। কোনো ছবিতেই ওই ব্যক্তির মুখ প্রকাশ করেননি অভিনেত্রী।
ছবির সাথে দেওয়া ক্যাপশনেও বিয়ের ইঙ্গিত দিয়েছেন নীহা। তিনি লিখেছেন, ‘একটি অধ্যায় আমরা এত দিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম; এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সাথে ভাগ করে নিতে চাইছি। আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তার পবিত্র ঘরে একসাথে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া। আমাদের এই বন্ধন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক।’
অভিনেত্রীর এই পোস্টের পর থেকেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। অনেকেই তাকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তার জীবনসঙ্গীর পরিচয় জানতে চেয়েও মন্তব্য করছেন অনেকে।
তবে এখন পর্যন্ত স্বামীর নাম কিংবা পরিচয় প্রকাশ করেননি নীহা। এর আগে চলতি বছর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস প্রকাশ করেছিলেন তিনি। সে সময় এক পাকিস্তানি যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে বলেও গুঞ্জন ছড়িয়েছিল। যদিও বিষয়টি নিয়ে কখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।
এবার বিয়ের ইঙ্গিতপূর্ণ পোস্টের পর সেই পুরোনো গুঞ্জন নতুন করে আলোচনায় এসেছে। তবে তার জীবনসঙ্গী পাকিস্তানি নাকি অন্য দেশের নাগরিক, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


