...|...|...

বিনোদন

মার্সিডিজ-বেঞ্জ জি৬৩ কিনলেন ইমরান হাশমি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৩৫
Shares
মার্সিডিজ-বেঞ্জ জি৬৩ কিনলেন ইমরান হাশমি

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা ইমরান হাশমির বিলাসবহুল গাড়ির বহরে যুক্ত হয়েছে নতুন একটি মার্সিডিজ-বেঞ্জ জি৬৩ এএমজি। ভারতের বাজারে গাড়িটির এক্স-শোরুম মূল্য প্রায় ৩ কোটি ৭৪ লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় ৫ কোটি টাকা।

সম্প্রতি ইমরান হাশমির বাড়িতে গাড়িটির ডেলিভারি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে নতুন গাড়িটির ঝলক দেখা গেছে। গাড়িটির বাইরের অংশে ব্যবহার করা হয়েছে ‘অপালাইট হোয়াইট ম্যাগনো’ রঙের ম্যাট ফিনিশ। এর সাথে কালো ম্যাট অ্যালয় হুইল ও লাল ব্রেক ক্যালিপার গাড়িটিকে আরও স্পোর্টি লুক দিয়েছে।

গাড়িটির অভ্যন্তরেও কালো ও লাল রঙের সমন্বয় রয়েছে। ড্যাশবোর্ড ও সেন্টার কনসোলে দেওয়া হয়েছে ব্রাশড অ্যালুমিনিয়াম ফিনিশ। বিলাসবহুল ফিচারের পাশাপাশি পারফরম্যান্সের দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে মার্সিডিজ-বেঞ্জ জি৬৩ এএমজিতে।

ইমরান হাশমির নতুন গাড়ি কেনার খবর ছড়িয়ে পড়ার পর তার ভক্তদের অনেকে ধারণা করছেন, ‘আওরাপান টু’ সিনেমার সাফল্য উদযাপন করতেই তিনি এই বিলাসবহুল এসইউভি কিনেছেন। তবে এ বিষয়ে অভিনেতার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বছর ইমরানের গাড়ির বহরে এটিই প্রথম সংযোজন নয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রায় ৩ কোটি রুপি দিয়ে তিনি একটি রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি কিনেছিলেন। তার গাড়ির সংগ্রহে ল্যাম্বরগিনি হুরাকান ও মার্সিডিজ-বেঞ্জ এস৫৬০ মেবাখও রয়েছে। সম্প্রতি তাকে রোলস-রয়েস ঘোস্ট গাড়িতেও দেখা গেছে।

নতুন মার্সিডিজ-বেঞ্জ জি৬৩ এএমজি যুক্ত হওয়ায় ইমরান হাশমির বিলাসবহুল গাড়ির সংগ্রহ আরও সমৃদ্ধ হলো।

সূত্র: এনডিটিভি