ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) গ্রাহকদের জন্য চালু হয়েছে ব্যক্তিগত ‘বাংলা কিউআর’ কোডের মাধ্যমে টাকা পাঠানোর সুবিধা। এখন থেকে একজন গ্রাহক অন্যজনের কিউআর কোড স্ক্যান করেই সরাসরি ব্যাংক বা এমএফএস হিসাবে অর্থ পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে প্রাপকের ব্যাংক হিসাব নম্বর, মোবাইল নম্বর কিংবা অন্যান্য তথ্য আলাদাভাবে টাইপ করার প্রয়োজন হবে না।
রবিবার (১ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া এ ব্যবস্থায় ডিজিটাল লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।
নিজের ব্যক্তিগত ‘বাংলা কিউআর’ কোড পেতে গ্রাহককে সংশ্লিষ্ট ব্যাংক বা এমএফএস প্রতিষ্ঠানের মোবাইল অ্যাপ ব্যবহার করতে হবে। এ জন্য প্রথমে অ্যাপটির সর্বশেষ সংস্করণ হালনাগাদ করতে হবে। এরপর অ্যাপে থাকা পারসোনাল বাংলা কিউআর অপশন থেকে নিজের কোড সংগ্রহ করা যাবে।
সংগৃহীত কিউআর কোড অন্য ব্যক্তির সাথে শেয়ার করেও অর্থ গ্রহণ করা সম্ভব হবে।
এত দিন বাংলা কিউআর কোড ব্যবহার করে মূলত দোকানে কেনাকাটা ও বিভিন্ন সেবার বিল পরিশোধ করা যেত। নতুন ব্যবস্থায় ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) পর্যায়েও অর্থ পাঠানোর সুবিধা যুক্ত হয়েছে।
এ পদ্ধতিতে টাকা পাঠাতে প্রাপক নিজের মোবাইলের পর্দায় কিউআর কোড দেখাবেন। প্রেরক নিজের ব্যাংক বা এমএফএস অ্যাপ দিয়ে কোডটি স্ক্যান করবেন। এরপর পর্দায় প্রদর্শিত প্রাপকের তথ্য যাচাই করে পিন নম্বর দিলে লেনদেন সম্পন্ন হবে।
এমনকি প্রাপক দূরে থাকলেও সমস্যা নেই। তিনি নিজের কিউআর কোডের ছবি বা স্ক্রিনশট পাঠাতে পারবেন। প্রেরক সংশ্লিষ্ট অ্যাপের গ্যালারি থেকে ছবিটি আপলোড করে অর্থ পাঠাতে পারবেন।
নতুন এ ব্যবস্থায় কিউআর কোড স্ক্যান করার পর প্রাপকের নাম ও হিসাব নম্বরের সংক্ষিপ্ত তথ্য দেখা যাবে। ফলে টাকা পাঠানোর আগেই প্রাপকের পরিচয় যাচাই করার সুযোগ থাকছে। এতে ভুল হিসাবে অর্থ চলে যাওয়ার আশঙ্কা কমবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরকে (পিএসও) এ সেবা চালুর প্রস্তুতি নিতে বলা হয়েছিল।
গ্রাহকদের জন্য নিজস্ব কিউআর কোড তৈরি, স্ক্যান এবং মোবাইল গ্যালারি থেকে ছবি আপলোডের সুবিধা ৩১ অক্টোবরের মধ্যে অ্যাপে যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়। সে অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা যুক্ত করেছে।
এ ব্যবস্থায় লেনদেন নিষ্পত্তি হবে বাংলাদেশ ব্যাংক পরিচালিত ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে।
বাংলা কিউআরভিত্তিক এ সেবা চালুর বিষয়ে ১ নভেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় এটি একটি নতুন সংযোজন। এর মাধ্যমে একজন ব্যক্তি অন্য ব্যক্তির কিউআর কোড স্ক্যান করে সহজে ও দ্রুত অর্থ পাঠাতে পারবেন।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, এ সুবিধার ফলে দৈনন্দিন লেনদেনে নগদ টাকার ব্যবহার কমবে এবং ডিজিটাল পেমেন্টের পরিধি বাড়বে। একই সাথে দেশের আর্থিক লেনদেন ব্যবস্থাকে আরও সহজ ও অন্তর্ভুক্তিমূলক করার পাশাপাশি ক্যাশলেস অর্থনীতির বিকাশেও এটি ভূমিকা রাখবে।



