...|...|...

অর্থনীতি

২০ লাখ টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন শেষ যেদিন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩৫
Shares
২০ লাখ টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন শেষ যেদিন

ছবি: সংগৃহীত

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামে এ কর্মসূচির আওতায় দেশের ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

রবিবার (১ নভেম্বর) থেকে শুরু হওয়া এ কার্যক্রমে আটটি প্রাথমিক পর্যায়ের জেলা বাদে দেশের বাকি ৫৬ জেলার সব উপজেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা অংশ নিতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের এ কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পাবেন। এর মধ্যে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ এবং সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ এককালীন একসঙ্গে প্রদান করা হবে। অনুদানের অর্থ আসবে বাণিজ্যিক ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে।

এর আগে কর্মসূচির প্রাথমিক পর্যায়ে আট জেলার ৬৪টি উপজেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়ে। জেলাগুলো হলো মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা।

গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এসব জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়। প্রাথমিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন পড়েছে নেত্রকোণা থেকে ৫ হাজার ৩৫১টি। এ ছাড়া রংপুরে ২ হাজার ৭৪৫টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি এবং ফেনীতে ১ হাজার ২৬১টি আবেদন জমা পড়ে।

নতুন পর্যায়ে ৫৬ জেলার আবেদনকারীরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে নির্ধারিত ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে পারবেন। আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কর্মসূচির নীতিমালা গত ১৩ সেপ্টেম্বর এসএমইএসপিডি সার্কুলার নম্বর-০৫-এর মাধ্যমে জারি করা হয়েছে। নীতিমালা ও বিস্তারিত তথ্য কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট এবং এসএমই পোর্টালে পাওয়া যাবে।

ঋণ বিতরণের বাছাই প্রক্রিয়া সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, আবেদন যাচাই-বাছাইয়ের জন্য একটি কমিটি থাকবে। এতে ব্যাংকারদের পাশাপাশি বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরা যুক্ত থাকবেন। কমিটির সুপারিশের ভিত্তিতে যোগ্য উদ্যোক্তাদের অর্থায়ন করা হবে।

কর্মসূচিটির মূল লক্ষ্য হলো উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, নতুন উদ্যোগ গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।