...|...|...

অর্থনীতি

আবেদনের সময় বাকি ৪ দিন

তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, রাত ১১:৩৮
Shares
তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

ছবি: সংগৃহীত

দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘উদ্যোগ’ নামে বিশেষ অর্থায়ন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পেতে পারেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম পর্যায়ে নির্ধারিত আট জেলার তরুণদের আবেদনের সময় শেষ হচ্ছে আগামী ১৫ অক্টোবর। ফলে আবেদন করতে বাকি রয়েছে মাত্র চার দিন।

রবিবার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের এ কর্মসূচির পূর্ণ নাম ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি-উদ্যোগ (UDYOG)’। দেশের উপজেলা ও প্রান্তিক পর্যায়ে থাকা সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করা, তাদের উপযুক্ত অর্থায়ন দেওয়া এবং প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে স্বাবলম্বী উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেওয়া হবে। এর মধ্যে ঋণের পরিমাণ সর্বোচ্চ ১০ লাখ টাকা। ঋণের সমপরিমাণ অর্থ, অর্থাৎ সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত এককালীন অনুদান দেওয়ার ব্যবস্থাও রয়েছে। ঋণ ও অনুদানের অর্থ একই সময়ে এককালীন দেওয়া হবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

প্রথম পর্যায়ে আবেদন করতে পারবেন ৮ জেলার তরুণেরা

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, কর্মসূচির প্রথম পর্যায়ে আটটি জেলার তরুণ উদ্যোক্তারা আবেদন করতে পারবেন। জেলাগুলো হলো মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা।

এসব জেলার সব উপজেলার আগ্রহী তরুণ উদ্যোক্তাদের আগামী ১৫ অক্টোবর ২০২৬-এর মধ্যে আবেদন জমা দিতে হবে। গত ১৬ সেপ্টেম্বর থেকে প্রথম পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য হাতে রয়েছে আর মাত্র চার দিন।

অন্যান্য জেলার আবেদন নেওয়া হবে নভেম্বরে

প্রথম পর্যায়ে অন্তর্ভুক্ত আট জেলার বাইরে থাকা অন্যান্য জেলার তরুণ উদ্যোক্তারাও এ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। তাদের আবেদন গ্রহণ করা হবে আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

যেভাবে আবেদন ফরম সংগ্রহ করবেন

আগ্রহী তরুণ উদ্যোক্তারা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট www.bb.org.bd, এসএমই (SME) পোর্টাল এবং দেশের তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। আবেদন করার আগে সংশ্লিষ্ট নির্দেশনা ও নীতিমালা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, এ কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের সম্ভাবনাময় তরুণেরা নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলার সুযোগ পাবেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টি, আত্মকর্মসংস্থান এবং সামগ্রিক কর্মসংস্থান বাড়াতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।