সিনেমার দৃশ্যকেও হার মানিয়ে চলন্ত ট্রাক থেকে ১০৫ কেজির বেশি হিমায়িত মুরগি চুরির ঘটনা ঘটেছে। মিশরের কায়রোতে ঘটা এই চাঞ্চল্যকর অপরাধের সাথে জড়িত ছয় সদস্যের একটি ডাকাত চক্রকে ধরতে মাঠে নামে পুলিশ। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে চক্রটির তিন সদস্য নিহত এবং বাকি তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত মঙ্গলবার (২৫ আগস্ট) মিশরের কায়রোতে একটি মহাসড়কে এই অভিনব চুরির ঘটনা ঘটে। একটি কারখানা থেকে প্রায় চার টন হিমায়িত মুরগি নিয়ে গন্তব্যের দিকে যাচ্ছিল একটি রেফ্রিজারেটেড ট্রাক। এ সময় ডাকাত দলটি চলন্ত অবস্থাতেই ট্রাকটিকে টার্গেট করে।
ঘটনাটির একটি ভিডিও আশপাশ দিয়ে যাওয়া এক গাড়িচালকের ক্যামেরায় ধরা পড়ে, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, দ্রুতগতির ওই ট্রাকটির পেছনে একটি পিকআপ নিয়ে এগিয়ে আসে দুই ব্যক্তি। এরপর তারা চলন্ত অবস্থাতেই পিকআপের ওপর দাঁড়িয়ে ট্রাকটির পেছনের দরজা খুলে ভেতরে থাকা মুরগির বাক্সগুলো নামাতে শুরু করে। বিষয়টি দেখে অনেকেই একে হলিউডের জনপ্রিয় সিনেমা ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর দৃশ্যের সাথে তুলনা করেন।
এদিকে ট্রাকচালক পুলিশকে জানান, ঘটনার সময় তিনি বিষয়টি বুঝতেই পারেননি। পরে গন্তব্যে গিয়ে তিনি দেখতে পান ট্রাক থেকে প্রায় ১০৫ কেজি মুরগি হাওয়া হয়ে গেছে।
ভাইরাল হওয়া ভিডিওটি পুলিশের নজরে আসার পর দ্রুত তদন্ত শুরু হয়। মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রযুক্তি ও তদন্তের সহায়তায় অপরাধী চক্রের ছয় সদস্যকে শনাক্ত করা হয়, যাদের সবার বিরুদ্ধেই এর আগে অপরাধের রেকর্ড রয়েছে।
পরবর্তীতে কায়রো ও কালিউবিয়া এলাকায় ডাকাতদের সম্ভাব্য আস্তানায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজনরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এই বন্দুকযুদ্ধে তিন সন্দেহভাজন নিহত হন এবং বাকি তিনজনকে জীবিত গ্রেফতার করা হয়।
অভিযানের সময় পুলিশ ডাকাতদের কাছ থেকে অস্ত্র, ডাকাতিতে ব্যবহৃত পিকআপটি, চুরি যাওয়া কিছু মুরগি এবং অন্যান্য অপরাধমূলক মালামাল উদ্ধার করে। গ্রেফতার হওয়া তিনজনের বিরুদ্ধে সশস্ত্র ডাকাতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।



