...|...|...

বিশ্ব

মাদক মামলায়

মিশরে জনপ্রিয় টিভি উপস্থাপকসহ ১২ জনের মৃত্যুদণ্ড

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৫৪
Shares
মিশরে জনপ্রিয় টিভি উপস্থাপকসহ ১২ জনের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

মিশরে মাদক উৎপাদন ও পাচারের এক চাঞ্চল্যকর মামলায় এক পরিচিত টেলিভিশন উপস্থাপকসহ ১২ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। 

শনিবার (৫ সেপ্টেম্বর) সরকারি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কায়রো আদালত এ মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।

গার্ডিয়ানের তথ্য মতে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩৯ বছর বয়সী ওই টিভি উপস্থাপকের নাম সারা খলিফা। তিনি ‘মিশন ইম্পসিবল’ নামের একটি জনপ্রিয় অনুষ্ঠান উপস্থাপনার জন্য সর্বাধিক পরিচিত, যা মূলত অপরাধ ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কাজ করত।

রাষ্ট্রীয় সংযোগযুক্ত পত্রিকা ‘আল-আহরাম’ জানিয়েছে, কায়রো আদালত মাদক তৈরির কাঁচামাল সংগ্রহ, তা দিয়ে মাদক প্রস্তুত ও পাচারের উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ অপরাধ চক্র গঠন এবং অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ রাখার দায়ে খলিফা ও অপর ১১ জন আসামিকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন।

মিশরের আইন অনুযায়ী মৃত্যুদণ্ডের মামলার ক্ষেত্রে গ্র্যান্ড মুফতির ধর্মীয় মতামত নেওয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে। আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে।

উল্লেখ্য, টিভি উপস্থাপনার পাশাপাশি সারা খলিফা একটি কসমেটিক সার্জারি ক্লিনিক এবং পার্টি ও ইভেন্ট আয়োজক একটি প্রোডাকশন কোম্পানির মালিক। সরকারি দৈনিক ‘আখবার আল-ইয়াম’ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে বিদেশ থেকে কাঁচামাল আমদানির মাধ্যমে সিন্থেটিক বা কৃত্রিম মাদক উৎপাদন এবং তা পাচারের উদ্দেশ্যে রাখার অভিযোগ আনা হয়েছিল।

আল-আহরামের প্রতিবেদনে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে ৭৫০ কেজির বেশি মাদক ও কাঁচামাল জব্দ করেছে। এছাড়া মাদক তৈরির ল্যাব হিসেবে ব্যবহৃত দুটি ফ্ল্যাট এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।

প্রধান মাদক মামলার পাশাপাশি আদালত সারা খলিফা ও অন্য আসামিদের বিরুদ্ধে এক তরুণকে অপহরণ ও মারধরের পৃথক আরেকটি ঘটনায় পাঁচ বছরের কারাদণ্ডও দিয়েছেন।

উল্লেখ্য, মিসরে পূর্বপরিকল্পিত হত্যা, সন্ত্রাসবাদ, কিছু ধর্ষণ মামলা এবং মাদক পাচারের মতো অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।

মিসরীয় কমিশন ফর রাইটস অ্যান্ড ফ্রিডমসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে মোট ৫৪১টি মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল।