১৪৪৮ হিজরি সালের মুসলমান ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ পবিত্র রমজান মাস কবে শুরু হবে, তা নিয়ে সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের প্রথম রোজা হতে পারে ৮ ফেব্রুয়ারি, সোমবার। একই সঙ্গে সম্ভাব্য ঈদুল ফিতরের তারিখও জানানো হয়েছে।
সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার বিষয়ক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৪৪৮ হিজরির ২৯ শাবান শনিবার রমজানের নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে, শাবান মাস ৩০ দিন পূর্ণ হয়ে ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি, রবিবার শেষ হবে। এরপরের দিন ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে রমজান মাস।
এদিকে, ২০২৭ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখও জানিয়েছে সংশ্লিষ্ট ওয়েবসাইট। তাদের হিসাব অনুযায়ী, ১৪৪৮ হিজরির রমজান মাস ২৯ দিনে শেষ হতে পারে। সে হিসাবে ৮ মার্চ, সোমবার হতে পারে রমজানের শেষ দিন এবং ৯ মার্চ, মঙ্গলবার পালিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর।
তবে চাঁদ দেখার ওপর নির্ভর করায় রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ স্থানীয়ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘোষণার পরই নিশ্চিত হবে।
এদিকে, ১৪৪৮ হিজরি সালের শুরু নিয়েও বিভিন্ন আরব ও ইসলামি দেশের মধ্যে মতপার্থক্য দেখা গেছে। কিছু দেশ ২০২৬ সালের ১৬ জুন মঙ্গলবার মহররমের প্রথম দিন নির্ধারণ করলেও, অন্য কয়েকটি দেশ ১৭ জুন বুধবারকে ১৪৪৮ হিজরির প্রথম দিন হিসেবে ঘোষণা করেছে।
সূত্র: জর্ডান নিউজ


