২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু একদিন পিছিয়েছে। পূর্বনির্ধারিত ২৩ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে দেশের উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একাদশের ক্লাস শুরু হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বুধবার (১৬ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠানো এক চিঠিতে ক্লাস শুরুর নতুন তারিখের বিষয়টি জানিয়েছে।
একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬ অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে ওইদিন পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি নির্ধারিত থাকায় পূর্বনির্ধারিত সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
চিঠিতে জানানো হয়, ছুটির বিষয়টি বিবেচনায় নিয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে তাদের নিয়মিত ক্লাস শুরু হবে।


