...|...|...

শিক্ষা

একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ রাতে, দেখবেন যেভাবে

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৪২
Shares
একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ রাতে, দেখবেন যেভাবে

ফাইল ছবি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নিশ্চায়ন ও মাইগ্রেশনের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় এ কার্যক্রম শেষ হয়। এখন চূড়ান্ত ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা জানতে পারবেন, শেষ পর্যন্ত কোন কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য তারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

যেভাবে ফল দেখবেন

মাইগ্রেশনের ফল দেখতে শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর শিক্ষার্থীর প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করলে মাইগ্রেশনের ফল দেখা যাবে। সেখানে শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে, তা জানা যাবে।

এর আগে ১৬ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। ওই ধাপে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন।

তবে জিপিএ-৫ পেয়েও ২ হাজার ২০৫ শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির জন্য মনোনয়ন পাননি।

ভর্তি ফি কত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানভেদে সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানের এমপিওভুক্ত বা নন-এমপিও অবস্থা, বাংলা বা ইংরেজি ভার্সন এবং অবস্থান অনুযায়ী ফি নির্ধারিত হবে।

এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মহানগরে বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে সর্বোচ্চ ভর্তি ফি ৫ হাজার টাকা। ঢাকা ছাড়া অন্যান্য মহানগর ও বিভাগীয় শহরে সর্বোচ্চ ৩ হাজার টাকা, জেলা পর্যায়ে ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বল এলাকায় সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নন-এমপিও ও আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মহানগরে বাংলা ভার্সনে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নেওয়া যাবে। জেলা সদরে এ সীমা যথাক্রমে ৩ হাজার ও ৪ হাজার টাকা।

এ ছাড়া উপজেলা ও মফস্বল এলাকার কলেজে বাংলা ভার্সনে সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।