সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১০ আগস্ট) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, এ ঘটনায় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদে বাংলাদেশ মিশনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নিহতদের লাশ দেশে ফেরত আনার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
এর আগে, রবিবার (৯ আগস্ট) রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।


