ইরানের রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিশেষজ্ঞরা ইয়েমেনের কৌশলগত বাব আল-মান্দেব অঞ্চল পরিদর্শন করেছেন বলে জানিয়েছে হুথি বাহিনীর দুটি সামরিক সূত্র। শনিবার (১৯ সেপ্টেম্বর) এএফপিকে সূত্রগুলো জানায়, রাডার স্থাপন এবং ওই এলাকার পাহাড়ে সুড়ঙ্গ খননের কাজ তদারকি করতে তারা সেখানে যান।
সূত্রগুলো জানায়, হুথিদের সঙ্গে কাজ করা ইরানি বিশেষজ্ঞরা বাব আল-মান্দেব অঞ্চল, ইয়েমেনের মোখা বন্দর ও বিমানবন্দর এবং মোখার পূর্বে অবস্থিত জাবাল আল-নার সামরিক ক্যাম্প পরিদর্শন করেন।
তারা মোখা ও বাব আল-মান্দেবের ওপরের পাহাড়গুলোতে সুড়ঙ্গ খননের কাজও তদারকি করেন। পাশাপাশি মোখার কাছে এবং দক্ষিণ লোহিত সাগরের জুকার দ্বীপে রাডার স্থাপনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন বলে দাবি সূত্রগুলোর।
সূত্রগুলোর ভাষ্য, বিশেষজ্ঞরা হুথিদের নিয়ন্ত্রণাধীন হোদেইদাহ থেকে সেখানে যান। বৃহস্পতিবার ও শুক্রবার পৃথকভাবে এসব পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।
এদিকে, ইয়েমেনের সরকারি সূত্রগুলো এএফপিকে জানিয়েছে, শনিবার বাব আল-মান্দেবের কাহবুব পর্বত এলাকায় ইরান-সমর্থিত হুথি ও সরকারি বাহিনীর মধ্যে লড়াই তীব্র হয়েছে।
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে জুলাই থেকে ইয়েমেনের সংঘাতও আরও তীব্র হয়েছে।


