...|...|...

চট্টগ্রাম

সিএনজি থেকে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ২

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, রাত ১১:১১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:২২
Shares
সিএনজি থেকে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ২

সিএনজি থেকে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধার। ছবি: সংগৃহীত

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে পুলিশের চেকপোস্টে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৮টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আরও দুইজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। 

শনিবার (২৯ আগস্ট) রাতে ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা বাজার চৌরাস্তা মোড়ে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের শান্তিরহাট এলাকার মোতাহেরের ছেলে মো. রুবেল (৩৪) এবং কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঠাকুরতলা এলাকার মৃত মনিন্দ্র দের ছেলে মানিক দে (৩৮)।

পুলিশ জানায়, মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার শীলের নেতৃত্বে শনিবার (২৯ আগস্ট) রাতে ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা বাজার চৌরাস্তা মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআই এনায়েত কবীর, পিএসআই মোহাম্মদ ইকবাল, এএসআই অমিত ভট্টাচার্যসহ সঙ্গীয় ফোর্স অবৈধ মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করছিল। এর অংশ হিসেবে ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা বাজার চৌরাস্তা মোড়ে চেকপোস্ট বসানো হয়।

রাত সোয়া ৯টার দিকে আদিনাথ জেটিঘাট এলাকা থেকে বদরখালীগামী একটি সবুজ রঙের সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেয় পুলিশ। সিএনজিটি ঠাকুরতলা বাজার চৌরাস্তা মোড়ে জগন্নাথ ফার্মেসির সামনে থামার সাথে সাথে এতে থাকা চারজনের মধ্যে দুইজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে দুইজনকে আটক করতে সক্ষম হলেও অপর দুইজন পালিয়ে যায়।

পুলিশের দাবি, আটক দুজনকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা সিএনজির ভেতরে তাদের পায়ের কাছে থাকা একটি কালো ট্র্যাভেল ব্যাগে আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেখানো ও বের করে দেওয়ার ভিত্তিতে ব্যাগটি তল্লাশি করে দুটি দেশীয় তৈরি রাইফেল, পাঁচটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।

উদ্ধার করা আটটি আগ্নেয়াস্ত্রের প্রতিটিতে ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত এবং সচল অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ। এ সময় একটি কালো রঙের ট্র্যাভেল ব্যাগ, দুটি পলিথিন এবং গ্রেফতারকৃতদের ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামত ২৯ আগস্ট রাত ৯টা ৪৫ মিনিটে জব্দ তালিকামূলে জব্দ করা হয়। পরে গ্রেফতার দুজনকে নিয়ে থানায় ফিরে আসে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনসহ পলাতক দুইজনের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ৩১, তারিখ ৩০ আগস্ট ২০২৬; জিআর নম্বর ২৬১/২৬। মামলায় The Arms Act, 1878-এর 19A ধারা প্রযোজ্য করা হয়েছে। 

পুলিশ আরও জানিয়েছে, পলাতক দুই আসামিকে গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশের নজরদারিও অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত মো. রুবেল ও মানিক দেকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।