...|...|...

চট্টগ্রাম

মুমূর্ষু মাকে হাসপাতালে নিতে স্পিডবোটে উত্তাল সাগর পাড়ি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, রাত ১০:২৬ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:৩২
Shares
মুমূর্ষু মাকে হাসপাতালে নিতে স্পিডবোটে উত্তাল সাগর পাড়ি

মুমূর্ষু মাকে হাসপাতালে নিতে উত্তাল সাগর পাড়ি দিলেন ছেলে। ছবি: ভিডিও থেকে নেওয়া

মায়ের জীবন বাঁচাতে উত্তাল সাগরের সাথে লড়াই করে চট্টগ্রামের পথে ছুটেছেন ছেলে। নাকে অক্সিজেনের নল, পাশে অক্সিজেন সিলিন্ডার- স্পিডবোটে শুয়ে থাকা ৮০ বছরের বৃদ্ধা মাকে নিয়ে এমন ঝুঁকিপূর্ণ যাত্রার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রবিবার (৩০ আগস্ট) সকালে সন্দ্বীপ থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রার সময় ভিডিওটি ধারণ করা হয়। এতে দেখা যায়, প্রচণ্ড ঢেউ ও বৃষ্টির মধ্যে স্পিডবোটে অসুস্থ রওশন আরা বেগমকে নিয়ে যাচ্ছেন তার স্বজনরা। বৃষ্টি থেকে রক্ষা করতে পলিথিন দিয়ে ঢেকে রাখার চেষ্টা করা হলেও পরিস্থিতি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

রওশন আরা সন্দ্বীপ পৌরসভার তালতলি বাজার এলাকার বাসিন্দা। তাঁর ছেলে জাহাঙ্গীর কবির জানান, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন তার মা। শনিবার রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে দ্রুত চট্টগ্রামে নেওয়ার সিদ্ধান্ত হয়।

জাহাঙ্গীর জানান, জরুরি রোগী পারাপারের জন্য কোনো বিশেষ ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে যাত্রীদের সাথে জনপ্রতি ৩০০ টাকা ভাড়ায় স্পিডবোটে করে মাকে নিয়ে রওনা হন তারা। প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে পৌঁছান। বর্তমানে রওশন আরা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, সন্দ্বীপে জরুরি রোগী পরিবহনের জন্য থাকা দুটি সি-অ্যাম্বুলেন্স দীর্ঘদিন ধরে অচল। ফলে সংকটাপন্ন রোগীদের জীবনের ঝুঁকি নিয়েই সাগর পাড়ি দিতে হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানস বিশ্বাস জানান, সি-অ্যাম্বুলেন্স দুটি দীর্ঘদিন ধরে অকেজো। নতুন সি-অ্যাম্বুলেন্সের জন্য সংশ্লিষ্ট দফতরে আবেদন করা হলেও এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।