চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজি অটোরিকশা মেরামতের ওয়ার্কশপের আড়ালে দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরির কারখানা পরিচালনার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় অস্ত্র তৈরি, সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থলে আয়োজিত এক স্পট ব্রিফিংয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম এসব তথ্য জানান।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্র তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত একটি চক্রের বিষয়ে তথ্য পাওয়ার পর হাটহাজারী থানা পুলিশ নজরদারি শুরু করে। এর ধারাবাহিকতায় সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মনসুরাবাদ কলোনি এলাকায় অভিযান চালানো হয়।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের নেতৃত্বে অভিযানে জামাল ও মিস্ত্রি কবির নামে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে একটি অত্যাধুনিক পেনগান, চারটি দেশীয় পিস্তল, পেনগানের ১৮ রাউন্ড গুলি ও পিস্তলের দুটি বুলেট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন হাটহাজারীর সরকারহাট বাজারে অবস্থিত ‘ওসমানের সিএনজি অটোরিকশা ওয়ার্কশপের’ আড়ালে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির তথ্য দেন। পরে এসব অস্ত্র দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য সরবরাহ করা হতো বলেও তারা জানিয়েছেন।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সরকারহাট বাজারের ওই ওয়ার্কশপে অভিযান চালায় পুলিশ। সেখানে অস্ত্র তৈরির বিভিন্ন আলামত ও সরঞ্জাম পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পলাতক ওসমানসহ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



