...|...|...

চট্টগ্রাম

গ্যাস সংকটে সিএনজি চালকদের আহাজারি, বাড়তি ভাড়ায় বিপাকে যাত্রীরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:১৪
Shares
গ্যাস সংকটে সিএনজি চালকদের আহাজারি, বাড়তি ভাড়ায় বিপাকে যাত্রীরা

গ্যাসের অপেক্ষায় অটোচালকরা। ছবি: টাইমস টুডে

ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি চালক ও সাধারণ যাত্রীরা। গ্যাস নিতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন চালকরা। অন্যদিকে, সংকটের কারণে পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। 

সিএনজি চালকদের সাথে কথা বলে জানা গেছে, প্রতিদিন ভোর থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক সময় প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় গাড়ি নিয়ে রাস্তায় বের হতে পারছেন না তারা। এতে একদিকে যেমন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অন্যদিকে কমে যাচ্ছে দৈনিক আয়। দৈনন্দিন সাংসারিক খরচ,কিস্তি,ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ যোগাতে হিমসিম খেতে হচ্ছে।

একাধিক চালক অভিযোগ করে বলেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও যদি গ্যাস না পাওয়া যায়, তাহলে গাড়ি চালিয়ে আয় করা কঠিন হয়ে পড়ে। গ্যাসের জন্য অপেক্ষা করতে গিয়ে যাত্রী পরিবহনের সময়ও কমে যাচ্ছে।

এদিকে গ্যাস সংকটের প্রভাব পড়েছে সাধারণ যাত্রীদের ওপরও। সিএনজি সংকটের কারণে অনেক যাত্রীকে গন্তব্যে পৌঁছাতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে স্বাভাবিক ভাড়ার তুলনায় প্রায় দ্বিগুণ টাকা নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

জেলার মেড্ডা থেকে বিশ্বরোড ৭০ থেকে ৮০ টাকা,বিশ্বরোড থেকে চান্দুরা ৬০ টাকা, চান্দুরা থেকে মাধবপুর ৫০ টাকা, এ ছাড়া বিজয়নগর উপজেলার চান্দুরা থেকে চম্পকনগর ৬০ টাকা, চম্পকনগর থেকে শিমরাইলকান্দি ৮০ থেকে ১০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। 

যাত্রীরা বলছেন, গ্যাস সংকটের অজুহাতে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। দ্রুত গ্যাস সংকটের সমাধান এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। 

চালক ও যাত্রীদের দাবি, ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হলে এই সংকট অনেকটাই কমে আসবে। গ্যাস সংকট দ্রুত সমাধান না হলে চালক ও যাত্রী—উভয়ের দুর্ভোগ আরও বাড়বে। 

এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ব্রাহ্মণবাড়িয়ার উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল হক জানান, এই সমস্যা সমাধানের জন্য সময় লাগবে। সিএনজি এবং বিসিক শিল্পনগরীর জন্য বিশ্বরোড খাটিহাতা স্টেশনে বেশি পেশারে লাইনের ব্যবস্থা করা হবে, ২৪ঘণ্টা তারা গ্যাস পাবে কোনো সমস্যা হবে না।