...|...|...

জাতীয়

সাইবার সুরক্ষা আইন এখনও চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে: তথ্য উপদেষ্টা

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:২৮ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪৫
Shares
সাইবার সুরক্ষা আইন এখনও চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে: তথ্য উপদেষ্টা

ছবি: সংগৃহীত

দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ও গুজব ঠেকাতে কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী, বাংলাদেশ জার্নালিস্টস কাউন্সিলের (বিজেসি) পর্যালোচনা ও বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, এমন একটি সাইবার সুরক্ষা আইন প্রয়োজন, যার মাধ্যমে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়িয়ে পড়া রোধেও কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ জন্য সাধারণ মানুষের মধ্যে মিডিয়া লিটারেসি বা গণমাধ্যম বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্তভাবে পাস হয়নি উল্লেখ করে তিনি বলেন, আইনটিতে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন ও সংশোধনের সুযোগ রয়েছে। ফলে আইনটির বিভিন্ন দিক নিয়ে আরও আলোচনা ও পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন করা যেতে পারে।

অনলাইনভিত্তিক সাংবাদিকতার পরিবর্তিত ধরন ও মনিটাইজেশন প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, সময়ের সাথে অনলাইন সাংবাদিকতায় নতুন নতুন ধারা তৈরি হচ্ছে। এসব বিষয়কে একটি নীতিমালার কাঠামোর মধ্যে আনার প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, গুজব, মিথ্যাচার বা অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে আইনের প্রয়োগ সবার জন্য একই হওয়া উচিত। আইন প্রয়োগের সময় কোনো পক্ষ-বিপক্ষ বিবেচনা না করে অভিন্ন আইনি কাঠামোর আওতায় ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে।

আলোচনা সভায় প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের বিভিন্ন সংশোধনী, বাংলাদেশ জার্নালিস্টস কাউন্সিলের পর্যালোচনা এবং সংগঠনটির পক্ষ থেকে দেওয়া বিভিন্ন প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।