সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করা সরকারের কোনো উদ্দেশ্য নাই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে সরকার সহযোগিতার মনোভাব নিয়েই কাজ করছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
কোথাও কোথাও কনসার্ট বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আন্দালিব রহমান পার্থ বলেন, কোনো কনসার্ট বাতিল হলেই এর অর্থ এই নয় যে সরকার সহযোগিতা করেনি। অনেক ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিতে হয়। দেশে নিয়মিত অনেক কনসার্ট হচ্ছে এবং বড় বড় সাংস্কৃতিক আয়োজনও অনুষ্ঠিত হচ্ছে।
তিনি বলেন, ‘আমাদের তরফ থেকে এ ধরনের মানসিকতা নেই যে সাংস্কৃতিক কোনো বিষয়ে বাধাবিঘ্ন সৃষ্টি হবে। আমরা এ ধরনের চিন্তা সমর্থন করি না।’
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমানও সাংস্কৃতিক পরিবেশ নিয়ে কথা বলেন। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমান সময়ে এ ধরনের পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
তিনি আরও বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার তুলনায় বর্তমানে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এসেছে। তবে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা যে ঘটছে না, তা-নয়।
জাহেদ উর রহমান বলেন, পরিস্থিতির উন্নতি হলেও সব ধরনের সমস্যা একেবারে শেষ হয়ে যায়নি। সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনে ভূমিকা রাখতে হবে।
সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।


