সৌদি আরব রাজধানী রিয়াদ ও আশপাশের এলাকায় সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কবার্তা জারির পর ‘বিপদ কেটে গেছে’ ঘোষণা করলেও রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) এ ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিট্রিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা বৃদ্ধির মধ্যে শুক্রবার রাতে রিয়াদ ও রাজধানীর পূর্বে অবস্থিত আল-খারজ শহরে সম্ভাব্য বিপদের বিষয়ে ফোন বার্তার মাধ্যমে সতর্কতা জারি করে সৌদি সিভিল ডিফেন্স। এর পরপরই বিস্ফোরণের শব্দ শোনা যায়।
রয়টার্সের ভিডিও ও ছবিতে রিয়াদ বিমানবন্দরের কাছে আকাশে কালো ধোঁয়ার বিশাল স্তম্ভ দেখা গেছে। ছবিতে বিমানবন্দরের মহাসড়ক, প্রধান টার্মিনাল ভবন ও আশপাশের বিভিন্ন স্থাপনাও দৃশ্যমান ছিল।
ধোঁয়া এবং রাতের সতর্কবার্তার বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে সৌদি সরকারের মিডিয়া অফিস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
শনিবার সকালে সৌদি কর্তৃপক্ষ ‘বিপদ কেটে গেছে’ বা ‘অল-ক্লিয়ার’ বার্তা দেয়। তবে রিয়াদের ওলায়া এলাকায় অবস্থানরত রয়টার্সের এক সাংবাদিক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান।
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা শুরুর পর চলতি বছর রিয়াদে কয়েক দফা সতর্কবার্তা জারি করা হলেও, জুলাইয়ে হুথিদের সঙ্গে সংঘাত বাড়ার পর এটিই ছিল প্রথম সতর্কতা।
ইয়েমেনের সবচেয়ে জনবহুল এলাকা ও দেশটির উত্তরাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণকারী হুথি গোষ্ঠী জুলাইয়ে রিয়াদের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা করে। এরপর থেকে সৌদি আরবকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে তারা। এসব হামলার মধ্যে লোহিত সাগরে সৌদি জাহাজে হামলার ঘটনাও রয়েছে।


