...|...|...

সারাদেশ

শিশুকে গলা টিপে হত্যা, দায় স্বীকার ফুফুর

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:১৫
Shares
শিশুকে গলা টিপে হত্যা, দায় স্বীকার ফুফুর

বান্দরবানের সুয়ালক ইউনিয়নে নিখোঁজের কয়েক ঘণ্টা পর তাইফা সুলতানা নামে চার বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে সুয়ালক এলাকার একটি বসতঘর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির ফুফু নারগিছ সুলতানা কচিকে (৫২) আটক করেছে পুলিশ।

নিহত তাইফা সুলতানা সুয়ালক এলাকার বাসিন্দা টিপু খানের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে তাইফাকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

এরপর নিখোঁজ শিশুটির সন্ধানে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। ফুটেজে পাওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয়রা শিশুটির ফুফু নারগিছ সুলতানা কচির বাড়ির দিকে নজর দেন। একপর্যায়ে ওই বাড়ির একটি কক্ষে শিশুটির লাশ দেখতে পাওয়া যায়।

খবর পেয়ে বান্দরবান সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় শিশুটির ফুফু নারগিছ সুলতানা কচিকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছেন। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয়দের দাবি, নারগিছ সুলতানা কচি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে তার মানসিক অসুস্থতার বিষয়টি চিকিৎসা নথি ও তদন্তের মাধ্যমে যাচাই করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পাশাপাশি ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

চার বছরের শিশু তাইফার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।