...|...|...

বিশ্ব

রাশিয়ার নির্বাচনকে প্রত্যাখ্যান করল যুক্তরাজ্যসহ ৫ পশ্চিমা দেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:১২
Shares
রাশিয়ার নির্বাচনকে প্রত্যাখ্যান করল যুক্তরাজ্যসহ ৫ পশ্চিমা দেশ

ছবি: সংগৃহীত

ইউক্রেনের অস্থায়ীভাবে দখলকৃত অঞ্চলগুলোতে রাশিয়ার আয়োজিত তথাকথিত ‘প্রহসনের নির্বাচন’ প্রত্যাখ্যান করেছে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, নরওয়ে এবং যুক্তরাজ্য। 

সোমবার (২১ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে দেশগুলো জানিয়েছে যে এটি জাতিসংঘ সনদের একটি ‘মারাত্মক লঙ্ঘন’।

আনাদোলু এজেন্সির বরাতে, ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘন করে দেশটির ভূখণ্ডে রাশিয়ার এই ‘প্রহসনের নির্বাচন’ আয়োজনের তীব্র নিন্দা জানিয়েছে এই পাঁচ দেশ।

উল্লেখ্য, গত ১৮ থেকে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত স্টেট ডুমার এই নির্বাচনটি ছিল ২০২২ সালের পর রাশিয়ার প্রথম সংসদীয় ভোট, যা ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত অঞ্চলেও অনুষ্ঠিত হয়েছিল।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ক্রিমিয়া এবং দোনেৎস্ক, খেরসন, লুহানস্ক ও জাপোরিজ্জিয়ায় রাশিয়া যেমনটি করেছে, ইউক্রেনের অস্থায়ীভাবে দখলকৃত অঞ্চলে রাশিয়ার স্টেট ডুমা নির্বাচন আয়োজন করা ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতা এবং জাতিসংঘ সনদের একটি চরম লঙ্ঘন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, এই নির্বাচনগুলো একটি বৃহত্তর দখলদারিত্ব ব্যবস্থার অংশ, যার মধ্যে রয়েছে রুশ প্রশাসন, আইন, মাধ্যম, শিক্ষা, ভাষা এবং নাগরিকত্ব জোরপূর্বক চাপিয়ে দেওয়া। এতে বলা হয়, এই অঞ্চলগুলো ইউক্রেনের অবিচ্ছেদ্য অংশ এবং প্রহসনের নির্বাচন আয়োজন আন্তর্জাতিক আইনের অধীনে এসব ভূখণ্ডের মর্যাদাকে কোনোভাবেই পরিবর্তন করতে পারে না।

অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, নরওয়ে এবং যুক্তরাজ্য আন্তর্জাতিক সম্প্রদায়কে রাশিয়ার পক্ষ থেকে তাদের দখলদারিত্বকে স্বাভাবিক করার প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করার এবং ইউক্রেনীয় ভূখণ্ডে প্রহসনের নির্বাচন আয়োজনের নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে।

এর আগে, সোমবার ইউরোপীয় ইউনয়নও (ইইউ) রাশিয়ার এই সংসদীয় নির্বাচনের নিন্দা জানায় এবং এতে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সতর্ক করে।