আদানির বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর আগেই বেলা সাড়ে ১১টার দিকে কারিগরি কারণে বন্ধ হয়ে গেছে বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট। এতে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কমে অর্ধেকে নেমেছে।
ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত কয়লাচালিত রামপাল বিদ্যুৎকেন্দ্রটি মাঝে কয়লা সংকটে উৎপাদন কমিয়েছিল। এখন কয়লার মজুত আছে। উৎপাদন হচ্ছিল ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি। হঠাৎ একটি ইউনিট বন্ধ হওয়ায় এটির উৎপাদন ৬০০ মেগাওয়াটের নিচে নেমে গেছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম বলেন, আদানি থেকে বিদ্যুৎ আসা শুরু হয়েছে। রক্ষণাবেক্ষণের জন্য রামপালের ইউনিট-২ বন্ধ করা হয়েছে।
কতদিন পর রামপালের ইউনিটটি চালু করা যাবে জানতে চাইলে তিনি বলেন, ইউনিট বন্ধের পর কুল ডাউন করতে হয়। এরপর সম্ভাবত ইন্ডিয়া থেকে দুজন প্রকৌশলী আসবে। আপাতত আইডিয়া করা যাচ্ছে না, দুদিন পর বলা যাবে৷ এখন প্রলিমিনারি পর্যায়ে।


