...|...|...

ক্যাম্পাস

রাবি চিকিৎসা কেন্দ্রে যুক্ত হল নতুন ২ অ্যাম্বুলেন্স

রাবি প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:২১
Shares
রাবি চিকিৎসা কেন্দ্রে যুক্ত হল নতুন ২ অ্যাম্বুলেন্স

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা কেন্দ্রে জরুরি রোগী পরিবহন ও চিকিৎসাসেবা আরও গতিশীল করতে নতুন দুটি অ্যাম্বুলেন্স যুক্ত হয়েছে। একই সাথে চিকিৎসা কেন্দ্রে আইসিইউ সুবিধা চালুর সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে নতুন অ্যাম্বুলেন্স দুটির উদ্বোধন করা হয়। উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান চিকিৎসক ডা. মাফরূহা সিদ্দিকা লিপির হাতে অ্যাম্বুলেন্স দুটির চাবি তুলে দিয়ে এর উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন অ্যাম্বুলেন্স দুটিতে অক্সিজেন সরবরাহসহ জরুরি চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ ক্যাম্পাসে অবস্থানরত কারও জরুরি চিকিৎসার প্রয়োজন হলে দ্রুত হাসপাতালে নেওয়া এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স দুটি ব্যবহার করা হবে।

উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, নতুন অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ায় জরুরি পরিস্থিতিতে রোগীদের আনা-নেওয়া ও চিকিৎসাসেবা আরও গতিশীল হবে। রাবি চিকিৎসা কেন্দ্রের সেবার মান আরও উন্নত করতে জরুরি চিকিৎসা সুবিধা বাড়ানো, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ নিশ্চিত করা এবং বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ টেকনিশিয়ান ও নার্স নিয়োগের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে আইসিইউ সুবিধা চালুর সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।