২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে দেশের বেশ কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ডেন্টাল কলেজ এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ও আবেদনের সময়সীমা প্রকাশ করেছে। আগামী ডিসেম্বর থেকে শুরু হয়ে এসব প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষা চলবে ২০২৭ সালের মার্চ পর্যন্ত।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি তুলে ধরা হলো।
মেডিকেল ও সাধারণ বিশ্ববিদ্যালয়
সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের ওপর নির্ভর করবে চূড়ান্ত তারিখ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের মাধ্যমে। এরপর ১২ ডিসেম্বর ‘এ’ ইউনিট, ১৯ ডিসেম্বর ‘বি’ ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদন করা যাবে ১১ থেকে ২৫ নভেম্বর।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ৮ জানুয়ারি ‘বি’ ইউনিটের মাধ্যমে। ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। প্রাথমিক আবেদন চলবে ১২ থেকে ২৭ নভেম্বর।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হতে পারে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ১ জানুয়ারি ‘এ’ ইউনিটের মাধ্যমে। এরপর ৮ জানুয়ারি ‘ই’, ১৫ জানুয়ারি ‘বি’, ২২ জানুয়ারি ‘সি’ এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন করা যাবে ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ২৯ জানুয়ারি ‘সি’ ইউনিটের মাধ্যমে। ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৩ ফেব্রুয়ারি ‘বি১’, ৪ ফেব্রুয়ারি ‘বি২’, ৫ ফেব্রুয়ারি ‘বি’, ৬ ফেব্রুয়ারি ‘ডি’ এবং ৮ ফেব্রুয়ারি ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন চলবে ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর। ‘বি১’, ‘বি২’ ও ‘ডি১’ ছাড়া অন্য ইউনিটগুলোর পরীক্ষা চট্টগ্রাম, রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে ১৭ ডিসেম্বর ‘সি’ ও ‘ডি’ ইউনিটে এবং ১৮ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে ২০২৭ সালের ৫ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হবে ৭ ফেব্রুয়ারি।
প্রকৌশল ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি ২০২৭।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে ৮ জানুয়ারি। খুলনা, ঢাকা ও রাজশাহী বিভাগীয় শহরে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ জানুয়ারি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ ও ২৭ জানুয়ারি।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষা হবে ২৯ জানুয়ারি।
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর ‘সি’ ইউনিট এবং ১৯ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটে।
বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি, নেভাল আর্কিটেকচার, পোর্ট ম্যানেজমেন্ট, মেরিটাইম ল ও ফিশারিজ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা হবে ২৯ ও ৩০ ডিসেম্বর।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ ও ৯ জানুয়ারি বিজনেস স্টাডিজ, ২ জানুয়ারি আর্টস ও সোশ্যাল সায়েন্স এবং ৮ জানুয়ারি সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ও সিকিউরিটি অনুষদে।
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর ভর্তি প্রক্রিয়া নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে পরীক্ষার তারিখ জানানো হয়নি।
কৃষি ও সাধারণ বিশ্ববিদ্যালয় গুচ্ছ
কৃষি গুচ্ছভুক্ত ৯টি সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২ জানুয়ারি। এবার ভর্তি কার্যক্রমে নেতৃত্ব দেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
অন্যদিকে, সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছের ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের মার্চে। সূচি অনুযায়ী, ১৯ মার্চ ‘বি’ ইউনিট, ২০ মার্চ ‘সি’ ও ‘ডি’ ইউনিট এবং ২৭ মার্চ ‘এ’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।



