...|...|...

শিক্ষা

বিনা খরচে ইউরোপে পড়ার সুযোগ, প্রতি মাসে মিলবে ১ লাখের বেশি ভাতা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, দুপুর ২:২৮ | আপডেট: ২ নভেম্বর ২০২৬, দুপুর ২:৩৪
Shares
বিনা খরচে ইউরোপে পড়ার সুযোগ, প্রতি মাসে মিলবে ১ লাখের বেশি ভাতা

ছবি: সংগৃহীত

ইউরোপের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন যেসব শিক্ষার্থী, তাদের জন্য রয়েছে দারুণ সুযোগ। ইরাসমাস মুন্ডাসের অর্থায়নে পরিচালিত ইউরোপিয়ান মাস্টার্স ইন সাসটেইনেবল সিস্টেমস ইঞ্জিনিয়ারিং (ইএমএসএসই) প্রোগ্রামে ২০২৭-২৯ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে ১৫ নভেম্বর ২০২৬ থেকে।

দুই বছর মেয়াদি এই আন্তর্জাতিক স্নাতকোত্তর প্রোগ্রামে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য রয়েছে সম্পূর্ণ টিউশন ফি মওকুফের সুবিধা। পাশাপাশি প্রতি মাসে ১ হাজার ৪০০ ইউরো বৃত্তি, স্বাস্থ্যবিমা এবং প্রোগ্রামে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় অন্যান্য আর্থিক সুবিধাও দেওয়া হবে। ফ্রান্স, ইতালি, স্পেন ও আলবেনিয়ার চারটি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে পরিচালিত এ প্রোগ্রামে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

বৃত্তির আওতায় যেসব সুবিধা

এ প্রোগ্রামে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পুরো দুই বছর প্রতি মাসে ১ হাজার ৪০০ ইউরো করে পাবেন। অর্থাৎ ২৪ মাসে মোট বৃত্তির পরিমাণ দাঁড়াবে ৩৩ হাজার ৬০০ ইউরো।

এ ছাড়া শিক্ষার্থীদের কোনো টিউশন ফি দিতে হবে না। বৃত্তির সাথে স্বাস্থ্যবিমা এবং প্রোগ্রাম সংশ্লিষ্ট অন্যান্য প্রয়োজনীয় খরচের সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে।

শিক্ষার্থীরা ইউরোপের একাধিক দেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাবেন। পাশাপাশি সিস্টেমস ইঞ্জিনিয়ারিং, আধুনিক উৎপাদন প্রযুক্তি ও সংশ্লিষ্ট শিল্প খাতে কাজের উপযোগী জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে পারবেন।

যেসব বিষয়ে পড়ার সুযোগ রয়েছে

ইএমএসএসই প্রোগ্রামে শিক্ষার্থীদের জন্য তিনটি বিশেষায়ন নির্ধারণ করা হয়েছে।

১. সিস্টেমস অব সিস্টেমস ইঞ্জিনিয়ারিং: ইতালির ইউনিভার্সিটি অব জেনোয়া এ বিষয়ে পাঠদান করবে। এখানে সিস্টেমস ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন পদ্ধতি, কাঠামো ও প্রয়োগ সম্পর্কে শেখানো হবে।

২. অ্যাডভান্সড অপটিমাইজেশন স্ট্র্যাটেজিস ফর সিস্টেমস ইঞ্জিনিয়ারিং: ফ্রান্সের ইউনিভার্সিটি অব টেকনোলজি অব কম্পিয়েন পরিচালিত এই বিশেষায়নে বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা বাড়ানো, পূর্বাভাস তৈরি এবং উন্নত অপটিমাইজেশন কৌশল নিয়ে পড়াশোনা করা যাবে।

৩. অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং সিস্টেমস: স্পেনের পলিটেকনিক ইউনিভার্সিটি অব কাতালোনিয়ায় এ বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। আধুনিক উৎপাদনব্যবস্থা, প্রযুক্তি ও গবেষণার বিভিন্ন দিক এখানে গুরুত্ব পাবে।

আবেদনের যোগ্যতা

আগ্রহী প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ১৮০ ইসিটিএস ক্রেডিটের সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যায়ে অন্তত তিন বছরের পড়াশোনা সম্পন্ন করা আবশ্যক।

যেসব বিষয়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন, সেগুলোর মধ্যে রয়েছে-

  • কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
  • ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
  • কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং
  • কম্পিউটার সায়েন্স
  • বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং

এ ছাড়া ইন্ডাস্ট্রিয়াল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি অ্যাপ্লায়েড ম্যাথমেটিকসে স্নাতক ডিগ্রিধারীরাও প্রাথমিক যোগ্যতা মূল্যায়নের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রার্থীদের নির্ধারিত ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষার সনদ জমা দিতে হবে। তবে প্রোগ্রামের নিয়ম অনুযায়ী অনুমোদিত ক্ষেত্রে ভাষাগত যোগ্যতার ছাড়পত্রও গ্রহণযোগ্য হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র

অনলাইনে আবেদন সম্পন্ন করতে কয়েকটি গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রস্তুত রাখতে হবে। এগুলো হলো—

  • বৈধ পাসপোর্টের কপি। 
  • স্নাতক ডিগ্রির মূল সনদ অথবা গ্রহণযোগ্য সাময়িক সনদ।
  • ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষার সনদ অথবা অনুমোদিত ছাড়ের প্রমাণ।
  • হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)।
  • সর্বোচ্চ ৫০০ শব্দের মোটিভেশন লেটার অথবা সর্বোচ্চ ৬০ সেকেন্ডের পরিচিতিমূলক ভিডিও।
  • সুপারিশপত্র।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে ইএমএসএসই প্রোগ্রামের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে ভর্তির শর্ত, শিক্ষাগত যোগ্যতা, ইংরেজি ভাষা দক্ষতার নিয়ম এবং বৃত্তির বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

সব শর্ত ভালোভাবে যাচাই করে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে হবে। এরপর নির্ধারিত অনলাইন আবেদনপ্রক্রিয়া অনুসরণ করে আবেদন জমা দেওয়া যাবে।

আবেদনের আগে বিশেষায়ন, বিশ্ববিদ্যালয় এবং প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদনের সময়সূচি

আবেদন শুরু: ১৫ নভেম্বর ২০২৬।
আবেদনের শেষ তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২৭।