...|...|...

শিক্ষা

ঢাবির ভর্তির আবেদন ও পরীক্ষার সময়সূচি ঘোষণা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, রাত ৯:১৮
Shares
ঢাবির ভর্তির আবেদন ও পরীক্ষার সময়সূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ১১ নভেম্বর। ওই দিন দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভর্তি আবেদন ও পরীক্ষার বিস্তারিত সময়সূচি জানানো হয়েছে।

প্রকাশিত সূচি অনুযায়ী, এবার সবার আগে ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ইউনিটের ভর্তি পরীক্ষা। এরপর ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। অন্য চারটি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে এবারও ঢাকার বাইরে পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া বাকি তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা এবং দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার নম্বর বণ্টনের ক্ষেত্রেও ইউনিটভেদে ভিন্নতা রয়েছে। বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ৬০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে।

অন্যদিকে, চারুকলা ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিটের পরীক্ষায় থাকবে ৭০ নম্বরের এমসিকিউ ও ৩০ নম্বরের বর্ণনামূলক প্রশ্ন।

এ ছাড়া বিজ্ঞান ইউনিটে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য সংশ্লিষ্ট পাঠ্যক্রম অনুসারে পৃথক প্রশ্নপত্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি কার্যক্রম শেষে আগামী বছরের ২৮ মার্চ থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।