ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার অন্তত ৫টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে এসব ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাবির সিনেট ভবন ও মুহসীন হলের মাঠসংলগ্ন এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টিএসসি এলাকা ও টিএসসি-শাহবাগ সড়কে আরও তিনটি ককটেল বিস্ফোরিত হয়।
সবশেষ সন্ধ্যা পৌনে ৭টার দিকে ডাকসু ভবনের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিস্ফোরণের ঘটনায় ঢাবি এলাকা থেকে আটক তিনজন হলেন—গোপালগঞ্জের নাজমুস সাদ (৩৩), নাটোরের রেজাউল করিম (৪২) এবং রাজশাহীর সোহেল রানা (৩৩)।
এছাড়া রবিবার সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন ও নীলক্ষেত মোড় এলাকায় পৃথক দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। সন্ধ্যার দিকে রাজধানীর ভাটারা থানা এলাকায় ১০০ ফিট রোডে একটি স্কুলবাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এর আগে গত শনিবার (৭ নভেম্বর) রাতে মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। একই দিন রাত ১টার দিকে মহাখালী বাস টার্মিনালের পেছনে সোহাগ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুরো পুড়ে যায়। পাশাপাশি শনিবার রাতে বনানী ও সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।


