রাজধানী ঢাকা ও সাভারে পৃথক ঘটনায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া রাজধানীর মিরপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রাত সোয়া ১২টার দিকে রাজধানীর বনানী ও মহাখালীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা পরিষদের ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে হঠাৎ মহাসড়কে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে প্রত্যক্ষদর্শীরা কোনো তথ্য দিতে পারেননি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে শনিবার রাত ১০টার দিকে রাজধানীর মিরপুরের পল্লবী মেট্রো স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। এ সময় চালক ও হেলপার দ্রুত বাসের সিটগুলো সরিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
বাসে অগ্নিকাণ্ডের ঘটনায়ও তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানা যায়নি।


