রাজধানীতে একের পর এক ককটেল ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিস্ফোরণের কয়েক ঘণ্টার মধ্যেই মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনেও একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালিবাগের বীর উত্তম শামসুল আলম সড়কে সিআইডি কার্যালয়ের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম আরিফ জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা সিআইডি কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। কারা এ ঘটনার সাথে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
এর আগে, একই দিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি স্থানে কয়েক মিনিটের ব্যবধানে হাতবোমার বিস্ফোরণ ঘটে। সন্ধ্যা ৬টা ৪২ মিনিটের দিকে টিএসসির মেট্রোরেল স্টেশনের নিচে, সিনেট ভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণ ঘটানো হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, বিস্ফোরণের পর শিক্ষার্থীরা দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।


