...|...|...

খেলা

রাতে ব্রাজিল-ভারত ম্যাচ, দেখবেন যেভাবে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:০৩ | আপডেট: ৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:২৫
Shares
রাতে ব্রাজিল-ভারত ম্যাচ, দেখবেন যেভাবে

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শনিবার (৩ অক্টোবর) কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত প্রীতি ম্যাচটি। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ঐতিহাসিক এই লড়াই।

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নিজেদের প্রথম ম্যাচে পানামার সাথে ১-১ গোলে ড্র করেছে ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়া সফরে টাউনসভিলে ১-১ গোলে ড্র করার পর ব্রিসবেনে ৪-২ ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল। ফলে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে ভারতের জন্য ম্যাচটি নিজেদের সামর্থ্য যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগও।

ম্যাচ ঘিরে ইতোমধ্যে কলকাতাসহ বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। শুক্রবার কলকাতায় পৌঁছে সল্টলেক স্টেডিয়ামে অনুশীলন করেছে ব্রাজিল দল। পরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে একসাথে উপস্থিত ছিলেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ও ভারতের কোচ খালিদ জামিল।

ঐতিহাসিক এই ম্যাচে ব্রাজিলের হয়ে ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ব্রুনো গিমারায়েসের মতো তারকাদের মাঠে নামার সম্ভাবনা রয়েছে। ভারতের একাদশেও রায়ান উইলিয়ামস, গুরপ্রীত সিং সান্ধু, সাহাল আবদুল সামাদ, আনোয়ার আলী ও বিজয় ভার্গিজের মতো খেলোয়াড়দের দেখা যেতে পারে।

ভারত-ব্রাজিলের ম্যাচটি টেলিভিশন ও অনলাইনে সরাসরি দেখা যাবে। টেলিভিশনে সনি স্পোর্টস নেটওয়ার্কের সনি স্পোর্টস ২, সনি স্পোর্টস ৩, সনি স্পোর্টস ৪ এবং সনি আথ চ্যানেলে ম্যাচটি সম্প্রচার করা হবে।

এ ছাড়া অনলাইনে সনিলাইভ (SonyLIV) অ্যাপ ও তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সক্রিয় সাবস্ক্রিপশনের মাধ্যমে ম্যাচটি সরাসরি দেখা যাবে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হতে যাওয়া এই ম্যাচের দিকে তাই নজর থাকবে দুই দেশের ফুটবলপ্রেমীদের।