...|...|...

খেলা

দলের তথ্য ফাঁস ও সাফ ব্যর্থতা নিয়ে মুখ খুললেন রাকিব

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, সকাল ১১:৩৮ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, সকাল ১১:৪২
Shares
দলের তথ্য ফাঁস ও সাফ ব্যর্থতা নিয়ে মুখ খুললেন রাকিব

রাকিব হোসেন। ছবি: সংগৃহীত

২০০৩ সালের পর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে বাংলাদেশের। ঘরের মাঠে এবারও সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে দলকে। এই ব্যর্থতায় হতাশ জাতীয় দলের উইঙ্গার রাকিব হোসেন। তার মতে, খেলোয়াড়দের চেষ্টার কমতি ছিল না, তবে শিরোপা জিততে ভাগ্যও সহায় হয়নি। এর মধ্যে দলের অভ্যন্তরীণ তথ্য ফাঁসের অভিযোগও সামনে এসেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানেন না বলে জানিয়েছেন জাতীয় দলের উইঙ্গার রাকিব হোসেন।

সম্প্রতি এক গণমাধ্যমের সাক্ষাৎকারে সাফে বাংলাদেশের বিদায়, দলের অভ্যন্তরীণ পরিস্থিতি, প্রবাসী ফুটবলারদের ভূমিকা ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে কথা বলেছেন রাকিব। 

সাফে ব্যর্থতার কারণ সম্পর্কে রাকিব বলেন, ‘আমরা নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত ফল আমাদের পক্ষে আসেনি। হারের পেছনে কী কারণ ছিল, সেটা কোচ ভালো বলতে পারবেন। আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না। দুর্ভাগ্যবশত ভাগ্যও সহায় ছিল না।’

সেমিফাইনালের আগে দলের অভ্যন্তরীণ তথ্য বাইরে যাওয়ার অভিযোগ নিয়েও কথা বলেন তিনি। রাকিব জানান, এ বিষয়ে বিস্তারিত কিছু জানেন না। তবে সত্যিই এমন ঘটনা ঘটলে তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা উচিত।

কোচের সাথে খেলোয়াড়দের সম্পর্ক ভালো ছিল বলেও জানান এই উইঙ্গার। নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, কোচের সাথে কথা বলা কিংবা মতামত প্রকাশে তার কোনো সমস্যা হয়নি।

জাতীয় দলে প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন রাকিব। তার মতে, তারা সবাই বাংলাদেশের জার্সি পরে খেলছেন। তাই স্থানীয় ও প্রবাসী হিসেবে বিভাজন না করে দেশের ফুটবলের উন্নয়নকে গুরুত্ব দেওয়া উচিত।

আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের উন্নতি নিয়েও আশাবাদী তিনি। তবে ভালো দল গড়তে সময় প্রয়োজন বলে মনে করেন রাকিব। তার মতে, শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ অন্য দেশগুলোও প্রবাসী ফুটবলার নিয়ে নিজেদের শক্তিশালী করছে।

নিজের পারফরম্যান্স ও শিরোপার আক্ষেপ নিয়ে রাকিব বলেন, ঘরের মাঠে সাফ জয়ের স্বপ্ন ছিল সবার। সামনে আবারও এই টুর্নামেন্টে ভালো করার লক্ষ্য রয়েছে। পাশাপাশি এএফসি টুর্নামেন্ট ও বিশ্বকাপ বাছাইপর্বেও ভালো ফল করতে চান তারা।

জাতীয় দলের হয়ে আরও দীর্ঘ সময় খেলার প্রত্যাশা জানিয়ে রাকিব বলেন, এখনো শারীরিকভাবে ফিট আছেন। প্রতিদিনই গোলের সংখ্যা বাড়ানো এবং দেশের জন্য আরও ভালো কিছু করার চেষ্টা করছেন তিনি।