প্রথমার্ধে গোলের দেখা না পেলেও বিরতির পর দারুণ ছন্দে ফেরে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। দ্বিতীয়ার্ধে তিনটি গোল করে কোস্টারিকাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিলের যুবারা। গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় তুলে নিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘আই’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে দলটি।
শুক্রবার (২৭ নভেম্বর) দোহার আসপায়ার জোনে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে মুখোমুখি হয় ব্রাজিল ও কোস্টারিকা। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পর তিন গোলের দেখা পায় ব্রাজিল। এই জয়ে গ্রুপ পর্বে শতভাগ জয়ের রেকর্ডও ধরে রাখে তারা।
আগেই পরবর্তী রাউন্ড নিশ্চিত হওয়ায় এই ম্যাচের একাদশে পাঁচটি পরিবর্তন নিয়ে মাঠে নামে ব্রাজিল। কোচ কার্লোস এদুয়ার্দো পেতেতুচির এই সিদ্ধান্তে দলের আক্রমণাত্মক মনোভাবে অবশ্য কোনো প্রভাব পড়েনি। ম্যাচের প্রথম মিনিটেই রদ্রিগো জুনিয়রের ভলি থেকে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়। তবে কোস্টারিকার রক্ষণ ভেদ করতে পারেনি ব্রাজিল।
বিরতির পর কাওয়ে ফুরকিম ও গুস্তাভো আফনসোকে মাঠে নামান ব্রাজিল কোচ। বদলি খেলোয়াড়দের অন্তর্ভুক্তিতে আক্রমণে গতি বাড়ে দলের। ৫১তম মিনিটে গোলের খাতা খোলে ব্রাজিল। বাঁ দিক থেকে জোয়াও ভিতরের বাড়ানো বল পেয়ে কারামিকো শট নেন। প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে বল ফিরে এলে সেটি জালে পাঠান রদ্রিগো জুনিয়র।
এর পাঁচ মিনিট পরই ব্যবধান বাড়ানোর সুযোগ পায় ব্রাজিল। বক্সের মধ্যে কারামিকোকে ফাউল করা হলে ভিএআর পর্যালোচনা শেষে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। ৫৬তম মিনিটে স্পটকিক থেকে গোল করে ব্যবধান ২-০ করেন বদলি হিসেবে নামা কাওয়ে ফুরকিম।
ম্যাচের ৭০তম মিনিটে তৃতীয় গোল পায় ব্রাজিল। কর্নার থেকে আসা বল বক্সের বাইরে পেয়ে জোরালো শট নেন রিকেলমে। গোলরক্ষক প্রথম প্রচেষ্টায় সেটি আটকে দিলেও ফিরতি বল জালে পাঠিয়ে ব্যবধান ৩-০ করেন লুকাস এমানুয়েল।
বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। তিন ম্যাচে তিন জয় ও পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘আই’-এর সেরা দল হিসেবে পরবর্তী রাউন্ডে উঠেছে তারা।


