...|...|...

খেলা

মাদক পাচারের অভিযোগে মাঠ থেকেই গ্রেফতার ব্রাজিলিয়ান ফুটবলার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৪৪
Shares
মাদক পাচারের অভিযোগে মাঠ থেকেই গ্রেফতার ব্রাজিলিয়ান ফুটবলার

ছবি: সংগৃহীত

মাদক ও অস্ত্র পাচারের পাশাপাশি অর্থ পাচারের অভিযোগে চলা বড় এক তদন্তের অংশ হিসেবে অনুশীলন মাঠ থেকেই গ্রেফতার হয়েছেন ব্রাজিলীয় ক্লাব ভাস্কো দা গামার স্ট্রাইকার দাভিদ কোরেয়া।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রিও ডি জেনিরোর জাকারাপাগুয়ায় ক্লাবের অনুশীলন কেন্দ্র থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় ব্রাজিলের ফুটবল অঙ্গনে চাঞ্চল্য তৈরি হয়েছে। ‘গোলডটকম’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রিও ডি জেনিরোর সিভিল পুলিশ জানায়, গুরুতর অপরাধের একটি নেটওয়ার্ক ধরতে পরিচালিত ‘অপারেশন আ ত্রোপা’র আওতায় এই অভিযান চালানো হয়। এস্পিরিতো সান্তো রাজ্যের আদালত গ্রেফতারের এই নির্দেশ দেন। ছড়িয়ে পড়া ভিডিওতে অনুশীলনের পোশাকেই দাভিদকে পুলিশ কর্মকর্তাদের সাথে বেরিয়ে আসতে দেখা যায়।

অনুশীলন শুরুর ঠিক আগে দুটি টহল গাড়িতে করে পুলিশ সেখানে পৌঁছায়। ওই সময় প্রধান কোচ ফেলিপে মায়েস্ত্রো ও ফুটবল পরিচালক ক্লাবের কর্মকর্তাদের সাথে কথা বলেন। মাঠ থেকেই দাভিদের মুঠোফোন জব্দ করা হয় এবং গোসলের অনুরোধ নাকচ করে তাকে থানায় নেওয়া হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, একই মামলায় গত অক্টোবরের শেষ দিকে দাভিদকে পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। বিচারক ক্রিস্টিনা এলার পিমেন্তা বের্নার্দো তার আদেশে দাভিদের জব্দ করা মুঠোফোনের বার্তা ও সাক্ষ্যপ্রমাণের উল্লেখ করেন। বিচার প্রক্রিয়ায় বাধা দেওয়ার সন্দেহে তাকে বিচারপূর্ব আটকাদেশ দেওয়া হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, গত জুলাইয়ে ভিলা নোভার ডিফেন্ডার হেইনারের সাথে দাভিদের কথোপকথনে সাক্ষীদের অর্থ দেওয়ার প্রসঙ্গ আসে। এমনকি এক সাক্ষীর মুঠোফোন ছিনতাইয়ে তৃতীয় পক্ষকে ভাড়া করার পরামর্শও দিয়েছিলেন হেইনার।

এ ছাড়া সাক্ষ্য বদলানোর জন্য এক সাক্ষীকে ৫ হাজার ব্রাজিলীয় রিয়াল দেওয়ার প্রস্তাবের একটি অডিও রেকর্ডিং এবং হত্যাচেষ্টা মামলার এক আসামির আইনজীবীকে ৯ হাজার রিয়াল পাঠানোর তথ্যও আদালতের আদেশে উঠে এসেছে।

‘ডিভিডি’ নামে পরিচিত ৩১ বছর বয়সী দাভিদ ২০২৪ সাল থেকে ভাস্কো দা গামায় খেলছেন। চলতি মৌসুমে ৪৬ ম্যাচে ৬ গোল করা এই ফরোয়ার্ড গত রবিবার ব্রাগান্তিনোর বিপক্ষে লিগ ম্যাচে ছিলেন না।

গ্রেফতারের পর এক বিবৃতিতে ভাস্কো দা গামা জানায়, আদালতের নির্দেশ মেনেই তাকে থানায় নেওয়া হয়েছে। খেলোয়াড়কে আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ক্লাবটি এবং তদন্তের স্বার্থে আপাতত আর কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে তারা।