...|...|...

খেলা

দলবদলের গুঞ্জন পেছনে ফেলে রিয়ালেই থাকছেন মরক্কান তারকা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩৭
Shares
দলবদলের গুঞ্জন পেছনে ফেলে রিয়ালেই থাকছেন মরক্কান তারকা

ব্রাহিম দিয়াজ। ছবি: সংগৃহীত

মরক্কোর ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজের সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩১ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকবেন ২৭ বছর বয়সি এই ফুটবলার। এর মধ্য দিয়ে রিয়ালে নিজের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিশ্চিত করলেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) স্প্যানিশ ক্লাবটি আনুষ্ঠানিকভাবে এই চুক্তি নবায়নের ঘোষণা দেয়। তার আগের চুক্তির মেয়াদ আগামী গ্রীষ্মে শেষ হওয়ার কথা থাকলেও নতুন চুক্তিতে আরও কয়েক বছর ক্লাবটিতে থাকার সুযোগ তৈরি হলো এই ফরোয়ার্ডের।

২০১৯ সালে রিয়ালে যোগ দেন দিয়াজ। এরপর থেকে ক্লাবটির হয়ে খেলছেন তিনি। সম্প্রতি চুক্তির মেয়াদ বাড়ানো রিয়ালের খেলোয়াড়দের তালিকায় তিনি তৃতীয়। এর আগে তুরস্কের মিডফিল্ডার আর্দা গুলের ও ফ্রান্সের অরেলিয়ে চুয়ামেনির সাথে চুক্তি নবায়ন করেছে ক্লাবটি।

গত গ্রীষ্মকালীন দলবদলে রিয়াল ছাড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল দিয়াজের। তবে কোচ হোসে মরিনহো তাকে দলে রাখার ব্যাপারে আগ্রহী ছিলেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১০ ম্যাচে মাঠে নেমে চারটি অ্যাসিস্ট করেছেন মরক্কোর এই ফুটবলার। যদিও শুরুর একাদশে সুযোগ পেয়েছেন মাত্র একবার।

ক্লাবের পাশাপাশি জাতীয় দলের হয়েও সাম্প্রতিক সময়ে নজর কেড়েছেন দিয়াজ। ২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশন্সে (আফকন) পাঁচ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি। তবে ব্যক্তিগত সাফল্য সত্ত্বেও শিরোপা জিততে পারেনি মরক্কো। ফাইনালে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।