...|...|...

খেলা

অবসর না নিলে রোনালদোর আগেই ১ হাজার গোল করতে পারতেন, দাবি আগুয়েরোর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ১:৪৬
Shares
অবসর না নিলে রোনালদোর আগেই ১ হাজার গোল করতে পারতেন, দাবি আগুয়েরোর

ছবি: সংগৃহীত

৩৩ বছর বয়সেই থেমে যায় সার্জিও আগুয়েরোর ফুটবল ক্যারিয়ার। হৃদযন্ত্রের জটিলতায় বাধ্য হয়ে অবসরে যেতে হয় আর্জেন্টিনার সাবেক এই তারকাকে। তবে ফুটবল ছাড়তে না হলে ক্রিশ্চিয়ানো রোনালদোর আগেই পেশাদার ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে পারতেন বলে বিশ্বাস আগুয়েরোর।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদোর হাজার গোলের লক্ষ্যের প্রসঙ্গ উঠলে নিজের এমন বিশ্বাসের কথা জানান সাবেক ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার। এ সময় পর্তুগিজ তারকার পারফরম্যান্সের প্রশংসাও করেন তিনি।

আগুয়েরো বলেন, ‘ক্রিশ্চিয়ানো এই বয়সে যা করছে, তা অবিশ্বাস্য। তবে ১ হাজার গোল করাই ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়।’

নিজের গোল করার সামর্থ্য তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমি যদি এত দিন খেলতে পারতাম, তাহলে আগেই এটা করতে পারতাম।’

আগুয়েরোর এমন মন্তব্যের পেছনে রয়েছে তার অসমাপ্ত ফুটবল ক্যারিয়ার। ২০২১ সালের ৩০ অক্টোবর বার্সেলোনার হয়ে আলাভেসের বিপক্ষে ম্যাচ চলাকালে হৃদস্পন্দনের সমস্যায় মাঠেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরবর্তী সময়ে চিকিৎসকদের পরামর্শে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন এই আর্জেন্টাইন। তখন তার বয়স ছিল মাত্র ৩৩ বছর।

ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট ৭৮৬ ম্যাচ খেলেছেন আগুয়েরো। গোল করেছেন ৪২৭টি। এর মধ্যে ম্যানচেস্টার সিটির জার্সিতে ৩৯০ ম্যাচে তার গোল ২৬০টি। ইংলিশ ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার কীর্তিও তার দখলে।

অন্যদিকে, ৪১ বছর বয়সেও গোলের পর গোল করে চলেছেন রোনালদো। চলতি মাসে জাতীয় দল পর্তুগালকে বিদায় জানানোর ঘোষণা দিলেও ক্লাব ফুটবলে আল নাসরের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি।

এ পর্যন্ত পেশাদার ক্যারিয়ারে রোনালদোর গোলসংখ্যা ৯৮৭। প্রথম ফুটবলার হিসেবে ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে তার প্রয়োজন আর মাত্র ১৩ গোল।