খাবার মহান আল্লাহর দেওয়া অমূল্য নেয়ামত। এই নেয়ামত গ্রহণেরও রয়েছে কিছু নিয়ম ও শিষ্টাচার। রাসুলুল্লাহ (সা.) শুধু খাবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের শিক্ষা দেননি, বরং কীভাবে বসে খাবার খেতে হবে, কোন ধরনের ভঙ্গি এড়িয়ে চলতে হবে, সেসব বিষয়েও দিকনির্দেশনা দিয়েছেন। তার সুন্নাহতে খাবার গ্রহণের ক্ষেত্রে বিনয়, সংযম ও সাধারণ জীবনযাপনের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।
হেলান দিয়ে বসে খাওয়া কিংবা উপুড় হয়ে খাবার গ্রহণের মতো কিছু আচরণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন নবীজি (সা.)। তার জীবনাচার ও হাদিস থেকে খাবার গ্রহণের এসব আদব সম্পর্কে জানা যায়।
হেলান দিয়ে খাবার খাওয়া
খাবার গ্রহণের সময় হেলান দিয়ে বসা পছন্দ করতেন না রাসুলুল্লাহ (সা.)। এ বিষয়ে আবু জুহাইফা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, নবীজি (সা.) বলেছেন, ‘আমি হেলান দিয়ে বসে খাই না।’ (বোখারি: ৫৩৯৮)
এই হাদিসে খাবার গ্রহণের সময় স্বাভাবিক ও সাধারণ ভঙ্গিতে বসার শিক্ষা পাওয়া যায়। হেলান দিয়ে বসে খাওয়ার পরিবর্তে সোজাভাবে বসে খাবার গ্রহণ করাই নবীজির আদবের অনুসরণ। তবে অসুস্থতা বা শারীরিক অসুবিধার কারণে কারও জন্য বিশেষ ভঙ্গিতে বসার প্রয়োজন হলে সেটি আলাদা বিষয়।
খাবারের ক্ষেত্রে পরিমিতিবোধ ও বিনয় বজায় রাখাও গুরুত্বপূর্ণ। তাই খাবার গ্রহণের সময় অপ্রয়োজনীয় আরাম-আয়েশ ও আড়ম্বরপূর্ণ ভঙ্গি পরিহার করা উচিত।
উপুড় হয়ে খাবার খাওয়া
শুয়ে বা উপুড় হয়ে খাবার খাওয়ার অভ্যাসও ইসলামের খাবার গ্রহণের শিষ্টাচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রাসুলুল্লাহ (সা.) এ ধরনের ভঙ্গিতে খাবার গ্রহণ করতে নিষেধ করেছেন।
এ প্রসঙ্গে হাদিসে বর্ণিত হয়েছে, ‘রাসুলুল্লাহ (সা.) কোনো ব্যক্তিকে উপুড় হয়ে থাকা অবস্থায় খাবার খেতে নিষেধ করেছেন।’ (সুনানে ইবনে মাজাহ: ৩৩৭০; সুনানে আবু দাউদ: ৩৭৭৪)
অর্থাৎ খাবার গ্রহণের সময় শালীন ও স্বাভাবিকভাবে বসার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। উপুড় হয়ে শুয়ে খাবার খাওয়ার পরিবর্তে স্বাভাবিকভাবে বসে খাওয়াই উত্তম।
টেবিলে বসে খাওয়া কি নিষেধ?
রাসুলুল্লাহ (সা.)-এর খাবার গ্রহণের পদ্ধতি সম্পর্কে বিভিন্ন বর্ণনায় জমিনে বসে খাওয়ার কথা পাওয়া যায়। তিনি সাধারণ জীবনযাপন করতেন এবং খাবার গ্রহণের ক্ষেত্রেও বিনয়ী আচরণ করতেন।
ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, ‘রাসুলুল্লাহ (সা.) জমিনের ওপর বসতেন এবং জমিনে বসে খাবার খেতেন।’ (শুআবুল ঈমান, বায়হাকি: ৭৮৪৩; আলমুজামুল কাবীর, তবারানি: ১২৪৯৪; মাজমাউয জাওয়ায়েদ: ১৪২২২)
এখানে জমিনে বসে খাওয়ার অর্থ হলো, সাধারণভাবে নিচু স্থানে বসে খাবার গ্রহণ করা। নিজের বসার জায়গার তুলনায় উঁচু স্থানে খাবারের পাত্র না রাখার বিষয়টিও এর সাথে সম্পর্কিত।
তবে টেবিলে বসে খাবার গ্রহণ করা নিষিদ্ধ বা নাজায়েজ-এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। বর্তমান সময়ে অনেকেই টেবিলে বসে খাবার খান। এটি মূলত প্রচলিত জীবনযাপনের একটি পদ্ধতি। নবীজি (সা.)-এর সাধারণ জীবনাচার অনুসরণ করতে চাইলে জমিনে বসে খাবার গ্রহণ করা যেতে পারে। তবে প্রয়োজন বা পরিস্থিতির কারণে টেবিলে খেলে তাতে নিষেধাজ্ঞা রয়েছে বলে মনে করা ঠিক নয়।
বিনয়ী ভঙ্গিতে খাবার গ্রহণের শিক্ষা
খাবার গ্রহণের ক্ষেত্রে রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাচারে বিনয় ও সাধারণ জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত পাওয়া যায়। তিনি নিজেকে কখনো আড়ম্বরপূর্ণ জীবনযাপনের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। বরং আল্লাহর দেওয়া নেয়ামত গ্রহণের সময় একজন বান্দার মতো বিনয়ী থাকার শিক্ষা দিয়েছেন।
এ প্রসঙ্গে নবীজি (সা.) বলেছেন, ‘গোলাম যেভাবে খায় আমিও সেভাবে খাব; গোলাম যেভাবে বসে আমিও সেভাবেই বসব।’ (মুসনাদে আবু ইয়ালা: ৪৯২০; মাজমাউজ জাওয়ায়েদ: ১৪২১০; শুআবুল ঈমান, বায়হাকি: ৫৫৭২)
এই বক্তব্যে নিজের মর্যাদা নিয়ে অহংকার না করে সাধারণ মানুষের মতো জীবনযাপনের মানসিকতা প্রকাশ পেয়েছে। খাবার গ্রহণের মতো দৈনন্দিন কাজেও বিনয়ী থাকার গুরুত্ব এতে ফুটে উঠেছে।
খাবার গ্রহণে নবীজির সুন্নাহ
রাসুলুল্লাহ (সা.)-এর খাবার গ্রহণের আদব থেকে একজন মুমিনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, খাবারের সময় আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞ থাকা এবং বিনয় ও সংযম বজায় রাখা। হেলান দিয়ে বা উপুড় হয়ে খাওয়ার মতো ভঙ্গি পরিহার করে স্বাভাবিকভাবে বসে খাবার গ্রহণ করা উচিত।
খাবার শুধু ক্ষুধা নিবারণের উপায় নয়, এটি আল্লাহর পক্ষ থেকে পাওয়া একটি নেয়ামত। তাই খাবার গ্রহণের সময়ও নবীজি (সা.)-এর সুন্নাহ ও শিষ্টাচার অনুসরণ করে জীবনকে সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ করা প্রত্যেক মুসলমানের জন্য শিক্ষণীয়।


