...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ, জরিপে এগিয়ে ট্রাম্প-বিরোধী দল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ভোর রাত ৫:১১
Shares
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ, জরিপে এগিয়ে ট্রাম্প-বিরোধী দল

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের নির্বাচনী প্রচারণা, প্রস্তুতির পর মঙ্গলবার (৩ অক্টোবর) আমেরিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আলোচিত মধ্যবর্তী নির্বাচন।

যুক্তরাষ্ট্রের কংগ্রেস নিয়ন্ত্রণ নির্ধারণে অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত মধ্যবর্তী নির্বাচন। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫টি আসন এবং সিনেটের ৩৫টি আসনসহ গভর্নর ও বিভিন্ন স্টেইট পর্যায়ের পদে ভোট দেবেন ভোটাররা। নির্বাচনটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের মাঝপথে অনুষ্ঠিত হওয়ায় এর ফল তার প্রশাসনের আগামী দুই বছরের রাজনৈতিক পথও নির্ধারণ করতে পারে।

দেশজুড়ে বিভিন্ন স্টেট ও স্থানীয় কর্তৃপক্ষের নিয়ম ভোট দেওয়ার সময় ও ভোটকেন্দ্র পরিচালিত হবে। নিউইয়র্কে নির্বাচনের দিন ভোটকেন্দ্র স্থানীয় সময় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

এদিকে, ভোটের দিন আসার আগেই দেশের বিভিন্ন স্টেটে এবার ব্যাপক আগাম ভোট পড়েছে। সর্বশেষ হিসাবে ৫০ মিলিয়নের বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনের একই সময়ের তুলনায় আগাম ভোটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।

মঙ্গলবার সর্বশেষ ভোট প্রদানের পর ভোটকেন্দ্র বন্ধ হওয়ার সাথে সাথে তীব্র নজরদারির মধ্যে শুরু হবে ভোট গণনা।

রয়টার্সের তথ্য অনুযায়ী, প্রথম দিকের নির্বাচনী ফলাফলের পূর্বাভাস আসতে পারে ইন্ডিয়ানা ও কেন্টাকিতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর। এরপর সময় অঞ্চলের পার্থক্যের কারণে পর্যায়ক্রমে অন্য স্টেটগুলোর ফল আসতে শুরু করবে। তবে সব ভোট গণনা শেষ হওয়ার আগেই বিভিন্ন সংবাদ সংস্থা তথ্য ও পরিসংখ্যানের ভিত্তিতে কোনো কোনো প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করতে পারে।

নির্বাচনে অংশ নেওয়া গুরুত্বপূর্ণ দুই দল হলো প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টি ও বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি।

রয়টার্স ও ইপসোসের পাঁচ দিনব্যাপী দেশব্যাপী এক জনমত জরিপে উঠে এসেছে, রিপাবলিকানদের চেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটরা। 

জরিপের ফল অনুযায়ী, নিবন্ধিত ভোটারদের ৪৬ শতাংশ জানিয়েছেন, কংগ্রেস নির্বাচনে তারা ডেমোক্র্যাটদের বেছে নেবেন। অন্যদিকে রিপাবলিকানদের পক্ষে ভোট দেওয়ার কথা জানিয়েছেন ৩৮ শতাংশ ভোটার।

একই জরিপে দেখা গেছে, নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা প্রায় সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

জরিপে অংশ নেওয়া প্রায় ৩২ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, হোয়াইট হাউসে ট্রাম্পের কার্যক্রমে তারা সন্তুষ্ট। এক সপ্তাহ আগের জরিপেও এই হার একই ছিল। তবে দুই সপ্তাহ আগে রেকর্ড সর্বনিম্ন ৩১ শতাংশে নেমে যাওয়া সমর্থনের তুলনায় তা সামান্য বেশি।