যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত দুজন নিহত এবং তিন পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীও মারা গেছেন।
পুলিশের মুখপাত্র গ্যারেট পার্টেন সাংবাদিকদের জানান, স্থানীয় সময় বুধবার বেলা সাড়ে ৪টার ঠিক পর মিনিয়াপোলিসের ডাউনটাউনে একটি অ্যাপার্টমেন্ট ভবনে গোলাগুলির খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়। উচ্চ ভবনটিতে প্রবেশ করার কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ভুক্তভোগীদের খুঁজে পায়।
পার্টেন জানান, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। চারজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
এছাড়া হাসপাতালে ভর্তি হওয়া তিন পুলিশ কর্মকর্তার মধ্যে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় নেওয়া হয়েছিল। হেনেপিন কাউন্টি মেডিকেল সেন্টার জানিয়েছে, আহত তিনজনই এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
মুখপাত্র পার্টেন জানান, হামলাকারী কীভাবে মারা গেছেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। এই হামলার পেছনের উদ্দেশ্য কী ছিল কিংবা আহতদের বর্তমান অবস্থা ঠিক কেমন, সে বিষয়ে পুলিশের কাছে আর কোনো বিস্তারিত তথ্য নেই।
সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে মিনিয়াপোলিস কনভেনশন সেন্টারের কাছের একটি অ্যাপার্টমেন্ট ভবনের দিকে পুলিশকে অস্ত্র তাক করে থাকতে দেখা গেছে।


