...|...|...

সারাদেশ

যশোরে পুকুরে ডুবে দুইবোনসহ প্রাণ গেল ৩ শিশুর

যশোর প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, বিকেল ৪:৩১ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬, সকাল ১০:২৩
Shares
যশোরে পুকুরে ডুবে দুইবোনসহ প্রাণ গেল ৩ শিশুর

ফাইল ছবি

যশোরের বাঘারপাড়া উপজেলায় গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া দক্ষিণপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলো জামদিয়া গ্রামের নেছার আলীর দুই মেয়ে সুলতানা (১১) ও লামিয়া (১৩) এবং একইগ্রামের আশিকুল ইসলামের মেয়ে ফাহিমা (১০)।

প্রতিবেশী মাহবুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে ইকরাম মোল্লার পুকুরে শিশুরা গোসল করতে যায়। পরে খোঁজখবর না পেয়ে তাদের দাদি লোকজন নিয়ে পুকুরে গিয়ে দেখেন সিঁড়ির নিচে তারা ভাসছে। এসময় দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই পুকুরটিতে লোকজন কম যায়। যারা গোসল করতে যায়, তারা গোসল সেরে দ্রুত চলে আসেন।

তিন শিশুর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য সরোয়ার হুসাইন জানিয়েছেন, পুকুরটি এক রকমের পরিত্যক্ত ছিল। সেখানে লোকজন তেমন একটা গোসল করতে যায় না।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসনুন আব্দুলাহ বলেন, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে হাসপাতালে তিন শিশুকে আনা হয়। তাদের হার্টবিট ছিল না, চোখ বড় হয়ে ছিল। ইসিজি করে দেখা যায় তাদের শরীরে জীবনের চিহ্ন নেই।

বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।