মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা আরও দেড় মাস বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত নিয়ম মেনে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সুযোগ পাবেন মালিকরা। আগে এ কাজের শেষ সময় ছিল ১৫ নভেম্বর।
বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এবং ‘সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২’ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এ নিয়ম কার্যকর করতে মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত মাপ ও শর্ত অনুসরণ করে সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে।
বিআরটিএর নির্দেশনায় স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের জন্য আলাদা মাপ নির্ধারণ করা হয়েছে। স্কুটারের নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে প্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। দুই ধরনের নম্বরপ্লেটেই বাংলা অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।
নম্বরপ্লেট তৈরির উপকরণ ও রং ব্যবহারের ক্ষেত্রেও নির্দেশনা দিয়েছে সংস্থাটি। প্লেটটি স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের হতে হবে। সাদা পটভূমির ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। এতে কোনো ধরনের অতিরিক্ত নকশা বা শোভাবর্ধনের সুযোগ রাখা হয়নি।
এ ছাড়া স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে আনুভূমিকভাবে প্রদর্শন করতে হবে। উদাহরণ হিসেবে বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে-ঢাকা মেট্রো-ল-১১-১১২৬।
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এসব শর্ত মেনে মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ।


