পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে আহত হয়েছেন ৪৯০ জন।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান। মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পক্ষে তিনি এসব তথ্য তুলে ধরেন।
সংসদে দেওয়া তথ্যানুযায়ী, গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় আহত ৪৯০ জনের মধ্যে ৪৩৫ জন বেসামরিক নাগরিক এবং ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এ সময়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর ৯৭টি হামলার ঘটনা ঘটেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, একই সময়ে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪টি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের ওপর ৮১টি হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া অপহরণের ঘটনা ঘটেছে ২৯৭টি, জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনা ৪৭১টি এবং অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ৩৭৭টি।
নিরাপত্তায় যৌথ অভিযান
পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা নিয়ন্ত্রণে ‘অপারেশন উত্তরণ’ নামে বিশেষ অভিযান চলমান রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির নিয়মিত টহল এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। অপরাধের সুনির্দিষ্ট অভিযোগে প্রচলিত আইনে মামলা করে অভিযুক্তদের বিচারের আওতায় আনা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পার্বত্য চট্টগ্রামের নতুন ও পুরোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গম পাহাড়ি এলাকায় সশস্ত্র গোষ্ঠীর গোপন আস্তানা ও প্রশিক্ষণকেন্দ্রেও অভিযান চালানো হচ্ছে। প্রয়োজনে বিমানবাহিনীর সহায়তায় হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।
চাঁদাবাজি ও অস্ত্র চোরাচালান ঠেকাতে নজরদারি
চাঁদাবাজির অর্থের উৎস ও সংশ্লিষ্ট নেটওয়ার্ক শনাক্ত করে নজরদারি বাড়ানো হয়েছে বলেও সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ লক্ষ্যে চেকপোস্টের সংখ্যা বাড়ানোর পাশাপাশি মোবাইল ব্যাংকিং ও অন্যান্য আর্থিক লেনদেন পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান বন্ধে বিজিবির সক্ষমতা বাড়ানো হয়েছে। ভারতের মিজোরাম ও মিয়ানমার সীমান্তসংলগ্ন দুর্গম এলাকাতেও নজরদারি জোরদার করা হয়েছে। অস্ত্র ও সামরিক পোশাক সরবরাহের সঙ্গে জড়িত সমতলের বিভিন্ন উৎস ও নেটওয়ার্ক শনাক্তে পুলিশ ও এসআরবি কাজ করছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ধারাবাহিক ও বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর শত শত সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসব অভিযানে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন, সামরিক পোশাক এবং ড্রোন ও সিগন্যাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।


