রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে বাস্তুচ্যুত লাখ লাখ মানুষকে মানবিক বিবেচনায় আশ্রয় দিয়ে বাংলাদেশ দীর্ঘদিন ধরে নানা সংকট মোকাবিলা করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি ইসাবেল বিশপের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, বৈঠকে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি, রোহিঙ্গা সংকট এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর প্রত্যাবাসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের ফলে সৃষ্ট মানবিক সংকটের দীর্ঘমেয়াদি প্রভাব বাংলাদেশকে বহন করতে হচ্ছে। এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ এবং কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈঠকে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ মিয়ানমারের চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতি তুলে ধরেন। সংঘাত বন্ধ এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে নিয়মিত যোগাযোগ ও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।
এ সময় মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় ল্যান্ডমাইনের বিস্তার, মানবপাচার ও মাদক পাচারের মতো নিরাপত্তাঝুঁকি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। এসব সমস্যার আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব মোকাবিলায় সহযোগিতার বিষয়েও আলোচনা করেন বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা।
রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। এ লক্ষ্য অর্জনে রাজনৈতিক সংলাপ, পারস্পরিক সহযোগিতা এবং অনুকূল পরিবেশ তৈরির ওপর জোর দেওয়া হয়।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক, সিনিয়র পলিটিক্যাল অ্যাফেয়ার্স অফিসার ডানকান কিথ উইলসন এবং ইউএনএইচসিআরের উপপ্রতিনিধি জুলিয়েট মুরেকিয়সোনিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


