...|...|...

জাতীয়

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, রাত ৯:০৬
Shares
ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ধর্মীয় পরিচয় ও বর্ণের ভেদাভেদ ভুলে সব নাগরিককে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সব মানুষের সবচেয়ে বড় পরিচয়-তারা এ দেশের সন্তান।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তী সময়ে গণতন্ত্র রক্ষার আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে বিভিন্ন ধর্মের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছেন। এসব সংগ্রামে মানুষের ধর্মীয় পরিচয় নয়, বরং দেশের প্রতি দায়িত্ববোধ ও অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাই প্রাধান্য পেয়েছে।

তিনি বলেন, দেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও দায়িত্ব রয়েছে। ধর্মীয় পরিচয় যা-ই হোক না কেন, প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। নিরাপদে বসবাসের অধিকার সব মানুষের মৌলিক অধিকার।

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’-এই নীতির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, পারস্পরিক বিভেদ ও দূরত্ব ভুলে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। মানুষকে তার ধর্মীয় পরিচয়ের পরিবর্তে একজন মানুষ ও দেশের নাগরিক হিসেবে মূল্যায়ন করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা নিশ্চিত করতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহযোগিতার ভিত্তিতে সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব।