...|...|...

জাতীয়

সারের ডিলার নিয়োগ প্রশ্নে উত্তপ্ত সংসদ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৫৫
Shares
সারের ডিলার নিয়োগ প্রশ্নে উত্তপ্ত সংসদ

ছবি: সংগৃহীত

সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তেজনা ও হট্টগোল হয়েছে। বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর অভিযোগের জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশিদের বক্তব্যের পর এ পরিস্থিতির সৃষ্টি হয়।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য মো. নুরুল আমীনের লিখিত প্রশ্নের পর সম্পূরক প্রশ্ন করেন বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

এ সময় তিনি অভিযোগ করেন, সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের আত্মীয়-স্বজনদের প্রাধান্য দেওয়া হয়েছে। তার দাবি, নিয়োগ পাওয়া ২৮ জন ডিলারের সবাই বিএনপির সাথে সংশ্লিষ্ট। তাদের মধ্যে ১০ জন বিভিন্ন নেতার স্ত্রী, সন্তান ও ভাগনি।

এ বিষয়ে কৃষিমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান হাসনাত আবদুল্লাহ।

জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, সংসদ সদস্যের প্রশ্নে সারের ডিলার নিয়োগ নিয়ে ‘উৎসব’ হওয়ার বিষয়টি এসেছে। তিনি বলেন, ‘আমরা তো চাই এটা উৎসব হোক। উৎসবের মতো করে মানুষ নিক। আমরা তো এটাই চাই।’

মন্ত্রীর এ বক্তব্যের পর বিরোধী দলের সংসদ সদস্যরা হৈচৈ শুরু করেন। মন্ত্রী কথা বলার সময়ও তাদের মধ্যে হট্টগোল চলতে থাকে।

এ সময় কৃষিমন্ত্রী বলেন, তিনি ‘উৎসব’ শব্দটি ইতিবাচক অর্থে ব্যবহার করেছেন। তবে বিরোধী দলের সদস্যরা তার বক্তব্যের মধ্যে চেঁচামেচি অব্যাহত রাখেন।

একপর্যায়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দৃষ্টি আকর্ষণ করে কৃষিমন্ত্রী বলেন, তিনি নতুন মন্ত্রী হিসেবে বক্তব্য দেওয়ার সময় সংসদ সদস্যদের পাশ থেকে কথা বলায় অসুবিধা হচ্ছে। তার জবাব অপছন্দ হলে বিরোধী সদস্যরা আবার প্রশ্ন করতে পারেন, তিনি তার জবাব দেবেন।

মন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পরও সংসদে উত্তেজনা কমেনি। এ সময় বিরোধী দলের সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানান ডেপুটি স্পিকার।