...|...|...

রাজনীতি

অন্যের গেমের গুটি না হয়ে নিজেদেরকেই খেলতে হবে: হাসনাত আবদুল্লাহ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, রাত ৮:০৮ | আপডেট: ৯ অক্টোবর ২০২৬, রাত ৮:৩৫
Shares
অন্যের গেমের গুটি না হয়ে নিজেদেরকেই খেলতে হবে: হাসনাত আবদুল্লাহ

হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি

আলেম-ওলামাদের সুনির্দিষ্ট নীতি ও শক্তির ওপর দাঁড়িয়ে চালক বা খেলোয়াড়ের ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, আমরা যেন অন্য কারও রাজনৈতিক গেমের গুটি না হই, বরং নিজেদের খেলা নিজেরা খেলি।

শুক্রবার (৯ অক্টোবর) ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত গবেষণামূলক সংকলন ‘উত্তরাধিকার’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, অতীতে ভোটের সময় এলে স্বার্থান্বেষী রাজনৈতিক গোষ্ঠীগুলো টুপি-পাঞ্জাবি পরে বিভিন্ন মাদ্রাসায় গিয়ে আলেম হওয়ার ভান করত এবং নির্বাচন পার হলেই আলেম সমাজকে প্রান্তিক ও অনগ্রসর হিসেবে উপস্থাপন করত। 

তিনি বলেন, আমাদের নিজস্ব রাজনীতি নির্মাণ করতে হবে। আমরা যেন অন্য কারও রাজনৈতিক গেমের গুটি না হই, বরং নিজেদের খেলা নিজেরা খেলি।

তিনি বিগত সরকারের আমলের নিপীড়নের চিত্র তুলে ধরে বলেন, ২০০৯ সালের পর থেকে আলেমদের রাষ্ট্রীয়ভাবে অবমূল্যায়ন ও নানা অত্যাচারের শিকার হতে হয়েছে। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের প্রতিটি শহীদের পরিবারের বক্তব্য নিয়ে আরো আগেই প্রাতিষ্ঠানিক ও আন্তর্জাতিক মানের ডকুমেন্টেশন হওয়া উচিত ছিল।

৫ আগস্টের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ফ্যাসিবাদের দীর্ঘদিনের প্রচার ছিল যে দেশে আলেমরা থাকলে সংখ্যালঘুরা নিরাপদ নয়। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর সারা দেশের মন্দির ও উপাসনালয় রাত জেগে পাহারা দিয়ে আলেম সমাজ প্রমাণ করেছেন যে সেই অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা ছিল।