কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে কোনো অনুতাপ, অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা ছাড়াই একতরফাভাবে ক্ষমা করে দেওয়ার বিরোধিতা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দলটির সাড়ে ১৫ বছরের শাসনামলে নির্যাতন-নিপীড়নের পর এমন ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্তকে যৌক্তিক ও গ্রহণযোগ্য মনে করে না জনগণ।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাব দেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, এর আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই তিনি সংসদে নিজের অবস্থান তুলে ধরছেন।
বিরোধীদলীয় নেতার ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ঢাকার একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের পতনের পর রাজনৈতিকভাবে যারা তার ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়েছে, তাদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ডা. শফিকুর রহমান। সালাহউদ্দিন আহমদের মতে, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে নির্যাতনের শিকার হওয়ার পরও কোনো ধরনের অনুতাপ বা ক্ষমা প্রার্থনা ছাড়াই দলটিকে ক্ষমা করে দেওয়া গ্রহণযোগ্য নয়।
এ ছাড়া ২০২৪ সালের ১৩ নভেম্বর লন্ডনে ব্রিটিশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিরোধীদলীয় নেতার দেওয়া বক্তব্যও তুলে ধরেন তিনি। ওই বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেছিলেন, তিনি বারবার ‘ফ্যাসিবাদ’ ও ‘ফ্যাসিস্ট’ শব্দ ব্যবহার পছন্দ করেন না। আওয়ামী লীগের নেতারাও তাদের রাজনৈতিক পরিবারের সদস্য।
দেশের সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনাগুলো নিয়ে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের সহিংসতার সঙ্গে আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সম্পর্ক রয়েছে বলে তিনি মনে করেন।
এ প্রসঙ্গে ২০০৪ সালের ৪ জুন ঢাকায় আওয়ামী লীগের হরতালের সময় শাহবাগে একটি বিআরটিসি বাসে আগুন দেওয়ার ঘটনার বিবরণ দেন তিনি। তার ভাষ্য, তৎকালীন হোটেল শেরাটনের সামনে বাসটিতে দাহ্য পদার্থ নিক্ষেপের পর আগুন ধরে যায়। যাত্রীরা বের হওয়ার সুযোগ পাননি। এ ঘটনায় প্রথমে ৯ জন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। সব মিলিয়ে নিহত হন ১১ জন।
স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ওই ঘটনার বিষয়ে তৎকালীন আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের একটি জবানবন্দি ইউটিউবে রয়েছে। সেখানে ঘটনার বিবরণ পাওয়া যাবে বলেও উল্লেখ করেন তিনি।
সাম্প্রতিক অস্থিরতায় সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে বিরোধীদলীয় নেতার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে তিনি আগেও বিভিন্ন জায়গায় কথা বলেছেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ঢাকায় একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের গোপন বৈঠকের সঙ্গে এ উসকানির কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায়।
তার অভিযোগ, দেশের বাইরে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অডিও-ভিডিও কলের মাধ্যমে দলের নেতাদের নির্দেশনা দিচ্ছেন। জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি এবং তাদের বাড়িঘর ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।
বক্তব্যের শেষ দিকে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়েও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে যাওয়া আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতিতে ফিরতে পারবে না। এ প্রসঙ্গে নাৎসি বাহিনীর জার্মানি থেকে পালিয়ে যাওয়ার উদাহরণ টানেন তিনি।


