...|...|...

জাতীয়

মিরপুরের উচ্ছেদ অভিযানে হামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:২৬ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৪১
Shares
মিরপুরের উচ্ছেদ অভিযানে হামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষের ঘটনায় দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটের সঙ্গে পুলিশের যথাযথ সমন্বয় ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিরপুরের উচ্ছেদ অভিযানে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে সেখানে সমন্বয়ের ঘাটতি তৈরি হয়েছিল। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে শান্তি বজায় রাখতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। একটি বা দুটি বিচ্ছিন্ন ঘটনাকে ভিত্তি করে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিচার করা সঠিক হবে না।

চাঁদাবাজদের তালিকা নিয়ে তিনি বলেন, এ ধরনের তালিকা তৈরি পুলিশের নিয়মিত কাজের অংশ। পুলিশের কাছে চাঁদাবাজদের পাশাপাশি সন্ত্রাসী, অপরাধী, মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারীদের তালিকাও থাকে এবং সেগুলো নিয়মিত হালনাগাদ করা হয়। নতুন করে কোনো বিশেষ তালিকা করা হয়নি।

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা হচ্ছে। অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ট্রিপল নাইন নম্বরে ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে, গ্রেপ্তার করছে এবং মামলা নিচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, কোনো ঘটনায় ব্যবস্থা না নেওয়া হলে তখন দায়ভার তৈরি হয় এবং সেটিকে পুলিশের ব্যর্থতা হিসেবে দেখা যায়। তবে সংশ্লিষ্ট ঘটনাগুলোতে পুলিশের কোনো ব্যর্থতা নেই, সরকারেরও কোনো ব্যর্থতা নেই। তদন্তের স্বার্থে সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না। ঘটনায় যারা জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রাড্ডা ক্লিনিকের ঘটনায় কোনো সংসদ সদস্যের সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না।