...|...|...

প্রবাস

মালয়েশিয়ায় অভিযান: সাগরে ঝাঁপ দিয়ে বেঁচে ফিরলেন প্রবাসী বাংলাদেশি

ইমামুল হোসেন, মালয়েশিয়া
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, সকাল ৮:৩৯ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, সকাল ১১:২৫
Shares
মালয়েশিয়ায় অভিযান: সাগরে ঝাঁপ দিয়ে বেঁচে ফিরলেন প্রবাসী বাংলাদেশি

মালয়েশিয়ার পাহাং রাজ্যের তানজুং লুমপুরে নির্মাণস্থলে ইমিগ্রেশন বিভাগের অভিযান দেখে আতঙ্কিত হয়ে সাগরে ঝাঁপ দেন ২৫ বছর বয়সী এক বাংলাদেশি নির্মাণশ্রমিক। প্রায় পাঁচ কিলোমিটার সাঁতরে এবং কয়েক ঘণ্টা জঙ্গলে আত্মগোপনে থাকার পর শেষ পর্যন্ত নিরাপদে শ্রমিকদের থাকার জায়গায় ফিরে আসেন তিনি।

স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে তানজুং লুমপুরের একটি নির্মাণস্থলে ইমিগ্রেশন বিভাগের অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। শেখ শরীফ নামের ওই শ্রমিক ইমিগ্রেশন কর্মকর্তাদের উপস্থিতি দেখে ভয় পেয়ে সাগরে ঝাঁপ দেন।

ঘটনার পর তাকে নিখোঁজ ও সাগরে ডুবে যাওয়ার আশঙ্কা করে সকাল ৯টা ৩৫ মিনিটে উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও মালয়েশিয়ার সিভিল ডিফেন্স ফোর্সের প্রায় ২০ সদস্য ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেন।

সাগরের পানিতে এবং তানজুং লুমপুরের উপকূলীয় এলাকায় দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানো হয়। তবে বিকেল ৫টা ৪৫ মিনিটে নির্মাণ কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ওই বাংলাদেশি শ্রমিক নিরাপদে প্রকল্পের শ্রমিকদের থাকার জায়গায় ফিরে এসেছেন।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, ইমিগ্রেশন কর্মকর্তাদের দেখে আতঙ্কিত হয়ে তিনি সাগরে ঝাঁপ দেন। সাঁতরে তামান তেমবেলিং সৈকতে গিয়ে সেখানকার একটি জঙ্গলে কয়েক ঘণ্টা লুকিয়ে থাকেন। পরে আবার সাঁতরে তানজুং আপি এলাকায় যান এবং কুয়ান্তান নদীর মোহনা পার হয়ে তানজুং লুমপুরে ফিরে আসেন।

কর্তৃপক্ষ জানায়, শেখ শরীফের কোনো শারীরিক আঘাত হয়নি। তার নিয়োগকারী প্রতিষ্ঠানও নিশ্চিত করেছে যে, তার ভ্রমণ নথি ও বৈধ কাজের অনুমতিপত্র রয়েছে।

পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।