...|...|...

প্রবাস

সৌদিতে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪১ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:১৫
Shares
সৌদিতে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

নিহত মনছুর আলম।ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে মনছুর আলম (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানী রিয়াদে চাচাতো ভাইয়ের বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরদিন সোমবার দুপুরে নিকটাত্মীয়দের মাধ্যমে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর জানতে পারেন।

মনছুর আলম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুখছড়ি আকিকার পাড়া এলাকার নুরুল কবিরের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান মনছুর। সেখানে মদিনায় চারজন অংশীদারের সাথে একটি মুদি দোকানের ব্যবসায় যুক্ত হন তিনি। প্রায় আট মাস আগে ব্যবসার কার্যক্রমে যুক্ত হওয়ার পর হিসাব-নিকাশ নিয়ে অংশীদারদের সাথে তার ভুল বোঝাবুঝি ও বিরোধের সৃষ্টি হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিবারের অভিযোগ, একপর্যায়ে মনছুরের বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ তোলেন ব্যবসায়িক অংশীদাররা। পরে তাকে মারধর করে দোকান থেকে বের করে দেওয়া হয় বলেও দাবি করেছেন তার স্বজনরা। ওই ঘটনার পর মনছুর মদিনা থেকে রিয়াদে তার চাচাতো ভাই রবিউল হোসেনের বাসায় চলে যান।

স্বজনদের দাবি, রিয়াদে চলে যাওয়ার পরও ব্যবসায়িক অংশীদাররা বিভিন্ন সময় ফোন ও বার্তার মাধ্যমে মনছুরকে চাপ ও হয়রানি করতেন। এসব কারণে তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন।

এদিকে রোববার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মনছুর। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে চাচাতো ভাই রবিউল হোসেন তাকে বাসায় নিয়ে আসেন। এরপর রবিবার রাতে তার মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ, ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিনের চাপ ও হয়রানির কারণেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তার মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সুষ্ঠু তদন্তের পাশাপাশি ঘটনায় কারও দায় থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

নিহতের লাশ বর্তমানে রিয়াদের স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় মনছুরের ব্যবসায়িক অংশীদারদের পরিচয় জানা যায়নি।